পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনা, কাতার ও আরব আমিরশাহীর সঙ্গে জরুরি আলোচনায় এস জয়শঙ্কর

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা ও বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের সংকটের মাঝে কাতার ও সংযুক্ত আরব আমিরশাহীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে জরুরি ফোনালাপ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি এবং আমিরশাহীর বিদেশমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহয়ানের সঙ্গে পৃথকভাবে কথা বলেন তিনি। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক স্বার্থ নিয়ে তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।
মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে দেওয়া সাম্প্রতিক হুঁশিয়ারির পর এই অঞ্চলে উত্তাপ কয়েকগুণ বেড়ে গিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও পরিকাঠামো ধ্বংস করার হুমকি দিয়েছেন ট্রাম্প। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী এই সংকীর্ণ জলপথটি বন্ধ হওয়ায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম আকাশছোঁয়া হয়ে দাঁড়িয়েছে। ভারত তার জ্বালানি চাহিদার বড় অংশই পশ্চিম এশিয়া থেকে মেটায়, ফলে এই অস্থিরতা নয়াদিল্লির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিদেশমন্ত্রী জয়শঙ্কর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, কাতার ও আমিরশাহীর মন্ত্রীদের সঙ্গে বর্তমান যুদ্ধ পরিস্থিতি ও দ্রুত পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক অবস্থান নিয়ে তাঁর ইতিবাচক আলোচনা হয়েছে। এর পাশাপাশি তিনি ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গেও বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। পশ্চিম এশিয়ায় শান্তি বজায় রাখতে এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ভারতের এই কূটনৈতিক তৎপরতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।