মেডিকেল কলেজই মূল হাতিয়ার ছুটির দিনে বালুরঘাটে তৃণমূল-বিজেপির জোরদার প্রচার

মেডিকেল কলেজই মূল হাতিয়ার ছুটির দিনে বালুরঘাটে তৃণমূল-বিজেপির জোরদার প্রচার

রবিবার ছুটির আমেজকে কাজে লাগিয়ে বালুরঘাটে প্রচারের কৌশল বদলে ফেললেন রাজনৈতিক প্রার্থীরা। গ্রামীণ এলাকা ছেড়ে এদিন শহরকেন্দ্রিক জনমযোগে বাড়তি জোর দেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা। মূলত বাজার, চায়ের আড্ডা এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করেন তাঁরা। জনসংযোগের এই লড়াইয়ে এদিন প্রধান ইস্যু হয়ে দাঁড়ায় প্রস্তাবিত মেডিকেল কলেজ নির্মাণ।

বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ খাদিমপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান। তাঁর দাবি, গত ১০ বছরে এখানে উন্নয়ন থমকে রয়েছে এবং জয়ী হলে ৬ মাসের মধ্যে মেডিকেল কলেজ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। পাল্টা প্রচারে বিজেপির বিদ্যুৎ রায় জোড়া ব্রিজ এলাকায় ‘চায়ে পে চর্চা’ ও বাজারে প্রচার সারেন। সাংসদ সুকান্ত মজুমদারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে তিনি জানান, মেডিকেল কলেজ আদতে বিজেপিরই ইস্যু এবং শিক্ষিত ভোটাররা সঠিক সিদ্ধান্ত নেবেন।

অন্যদিকে, তপন বিধানসভার চকভৃগু এলাকায় প্রচার সারেন বিজেপি প্রার্থী বুধরাই টুডু। ছুটির দিনে বাজারে মানুষের ভিড়কে কাজে লাগিয়ে তিনি ভোট প্রার্থনা করেন। বামফ্রন্ট প্রার্থী অর্ণব চৌধুরী হিলির বিভিন্ন গ্রামে পুরনো কর্মীদের সঙ্গে দেখা করে জনসংযোগ করেন। বালুরঘাট শহরে এদিন কংগ্রেসের সরাসরি বড় প্রচার না দেখা গেলেও টোটোর মাধ্যমে কর্মীদের ভোট প্রচার অব্যাহত ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *