চুক্তিতে রাজি না হলে ইরান উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

চুক্তিতে রাজি না হলে ইরান উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

শর্ত মেনে শান্তি চুক্তিতে রাজি না হলে গোটা ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্দিষ্ট সময়সীমার মধ্যে তেহরান সমঝোতায় না এলে আগামী মঙ্গলবারকে ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ এবং ‘ব্রিজ ডে’ হিসেবে ঘোষণা করে সব ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্পের এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে, কারণ বিশেষজ্ঞদের মতে এমন হামলা যুদ্ধাপরাধের শামিল হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ ও অ্যাক্সিওস-এর রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প দাবি করেছেন ইরান বর্তমানে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। তাঁর মতে, দেশটির পরিকাঠামো এতটাই বিধ্বস্ত যে তাদের সবকিছু নতুন করে গড়তে হবে। হোয়াইট হাউজের ধারণা, ইরানের অভ্যন্তরীণ সরকার বিরোধী আন্দোলনের কারণে সাধারণ মানুষ এই সিদ্ধান্তের বিরোধিতা করবে না। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানকে চরম পরিণতি ভোগ করতে হবে।

এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পাকিস্তান, মিশর ও তুরস্কের মাধ্যমে পরোক্ষ আলোচনা চললেও এখনও কোনো বড় অগ্রগতি হয়নি। মধ্যস্থতাকারীরা একটি আংশিক চুক্তির মাধ্যমে ট্রাম্পের আলটিমেটাম পিছিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। তবে ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সাফ জানিয়েছেন, মঙ্গলবারই হবে চূড়ান্ত ফয়সালা।

আমেরিকার এই চরম বার্তার পাল্টা কড়া জবাব দিয়েছে ইরানও। দেশটির সংসদের স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ ট্রাম্পের এই পদক্ষেপকে ‘বেপরোয়া’ বলে অভিহিত করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত আমেরিকার প্রতিটি পরিবারকে ‘জীবন্ত নরকে’ ঠেলে দিচ্ছে। পাশাপাশি, এই উত্তেজনার পেছনে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রভাব রয়েছে বলেও দাবি করেছে তেহরান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *