কেন সৌরভের কাছে ক্ষমা চেয়েছিলেন দ্রাবিড়? জানে নিন এই ঘটনার নেপথ্যে লুকানো আসল রহস্য

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে রাহুল দ্রাবিড় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের যুগলবন্দি চিরস্মরণীয়। তবে প্রায় ২৪ বছর আগে বর্ডার-গাভাসকার ট্রফির একটি ঘটনার জন্য সৌরভের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন । ২০০২-০৩ সালের সেই অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেড টেস্টে দ্রাবিড়ের একটি ভুল সিদ্ধান্তের কারণে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল অধিনায়ক সৌরভকে। অস্ট্রেলিয়ার ৫৫৬ রানের পাহাড়প্রমাণ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ৮৪ রানে ৪ উইকেট হারিয়ে তখন চরম বিপর্যয়ে টিম ইন্ডিয়া।
রাহুল দ্রাবিড় পরবর্তীতে একটি অনুষ্ঠানে নিজের ভুল স্বীকার করে জানান, সৌরভের রান আউটের সম্পূর্ণ দায় ছিল তাঁরই। সেই সময় পরাজয়ের আশঙ্কায় বিদ্ধ দ্রাবিড় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং ঠিক করেছিলেন যে কোনো মূল্যে এই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। অধিনায়ককে হারিয়ে দল যখন চাপে, তখন দলের সম্মান রক্ষায় ক্রিজে অনড় হয়ে দাঁড়িয়ে যান দ্রাবিড়। নিজের দোষারোপকে শক্তিতে রূপান্তর করে এক ঐতিহাসিক লড়াইয়ের মানসিক প্রস্তুতি নেন তিনি।
শেষ পর্যন্ত মিস্টার ডিপেন্ডবলের চওড়া ব্যাট থেকেই বেরিয়ে আসে এক ঝকঝকে দ্বিশতরান। ২৩৩ রানের সেই মহাকাব্যিক ইনিংস এবং ভিভিএস লক্ষ্মণের ১৪৮ রানের সুবাদে ভারত ৫২৩ রান তুলতে সক্ষম হয়। দ্রাবিড় ও লক্ষ্মণের সেই ৩০৩ রানের পার্টনারশিপ ভারতকে শুধু বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেনি, বরং অ্যাডিলেড টেস্টের মোড় ঘুরিয়ে দিয়েছিল। দীর্ঘ সময় পর দ্রাবিড়ের সেই অকপট স্বীকারোক্তি আজও ক্রিকেটপ্রেমীদের কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে।