মুর্শিদাবাদে ‘হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয়’ তৈরির ঘোষণা মমতার জিয়াগঞ্জে জনজোয়ার

মুর্শিদাবাদে ‘হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয়’ তৈরির ঘোষণা মমতার জিয়াগঞ্জে জনজোয়ার

জিয়াগঞ্জের নির্বাচনি জনসভা থেকে মুর্শিদাবাদবাসীর জন্য বড়সড় শিক্ষা প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত সভায় তিনি জানান, আয়েসবাগের গোবিন্দপুর লাঠেরাজ মৌজায় ১৩ একর জায়গার ওপর গড়ে তোলা হচ্ছে ‘হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয়’। এই প্রতিষ্ঠানটি জেলার একটি প্রধান ‘এডুকেশন হাব’ হিসেবে কাজ করবে, যেখানে স্থানীয় ছেলেমেয়েরা উচ্চশিক্ষা ও গবেষণার বিশেষ সুযোগ পাবে।

শিক্ষার পাশাপাশি মুর্শিদাবাদের পর্যটন বিকাশে রাজ্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মোতিঝিলকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে, যা বর্তমানে দেশের অন্যতম পর্যটন আকর্ষণ। এছাড়া খোশবাগে আলোকসজ্জা, নিউ প্যালেস বা ওয়াসেফ মঞ্জিল সংস্কার এবং জেলার বিভিন্ন প্রাচীন মন্দির ও প্রাসাদের সৌন্দর্যায়নের মাধ্যমে পর্যটন মানচিত্রকে আরও সমৃদ্ধ করা হয়েছে।

জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় পরিকাঠামো উন্নয়নের প্রসঙ্গও উল্লেখ করেন। মুর্শিদাবাদ ও জিয়াগঞ্জ পুর এলাকার মানুষের জন্য ১০০ কোটি টাকার বেশি ব্যয়ে দুটি আর্সেনিকমুক্ত জলপ্রকল্পের কথা জানান তিনি। একইসঙ্গে জেলা সংগ্রহশালা এবং রানি ভবানীর স্মৃতিবিজড়িত মন্দির কমপ্লেক্সের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সরকারের এই সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল জেলার সাধারণ মানুষ ও গবেষকরা সরাসরি পাচ্ছেন বলে তিনি দাবি করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *