ভোটবাক্সকে মায়ের মতো পাহারা দিন, মুর্শিদাবাদের জনসভা থেকে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ চরমে। এই আবহে রবিবার মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ও জিয়াগঞ্জে দুটি হাই-ভোল্টেজ জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে দলীয় কর্মী ও সাধারণ ভোটারদের প্রতি এক বিশেষ সতর্কবার্তা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর ইভিএম তথা ভোটবাক্সকে ‘মায়ের মতো’ আগলে পাহারা দিতে হবে। বিরোধীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনোভাবেই যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় কারচুপি করার সুযোগ কেউ না পায়।
জিয়াগঞ্জের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম নিয়ে সতর্ক করে বলেন, যদি কোনো কারণে মেশিন খারাপ হয়, তবে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কিন্তু কারিগরি ত্রুটির অজুহাতে যেন নতুন কোনো অসাধু উপায় অবলম্বন করা না হয়। তাঁর অভিযোগ, মেশিন সারানোর নামে চিপ ব্যবহারের মাধ্যমে কারচুপির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এছাড়া এসআইআর-এ নাম বাদ যাওয়া এবং ভোটার তালিকায় অসংগতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বর্তমান নির্বাচনকে ‘আসল বদলা’ নেওয়ার লড়াই হিসেবে অভিহিত করেন। তৃণমূল নেত্রীর কথায়, এবারের ভোট হবে এক ‘দুরন্ত খেলা’।
মুর্শিদাবাদের এই সভামঞ্চ থেকে কেন্দ্রীয় বাহিনী এবং বিরোধীদের আচরণের তীব্র সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, ভবানীপুর এলাকায় কেন্দ্রীয় বাহিনী অসভ্যতা করেছে এবং মহিলাদের আপত্তিকরভাবে তল্লাশি করা হয়েছে। এমনকি তাঁর নিজের বাড়ির সামনে হামলা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে অশালীন অঙ্গভঙ্গি করা হয়েছে বলেও সরব হন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, এসব আসলে সুস্থ রাজনীতি নয়। স্থানীয় মানুষ এই অরাজকতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং ভোটের বাক্সে এর যোগ্য জবাব পাওয়া যাবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
সমগ্র প্রচার পর্বে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সাথে তাঁর দীর্ঘদিনের নিবিড় সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি স্পষ্ট করে দেন যে, বিরোধীরা নানাভাবে উস্কানি দিলেও মানুষ তৃণমূলের পক্ষেই রয়েছে। প্রতিটি বুথে বুথে নজরদারি চালানো এবং ভোটের দিন শেষ মুহূর্ত পর্যন্ত সতর্ক থাকার জন্য তিনি কর্মীদের নির্দেশ দেন। বিশেষ করে মহিলা কর্মীদের নির্বাচনের দিনে আরও সক্রিয় হওয়ার ডাক দিয়ে মমতা জানান, জনগণের আশীর্বাদ নিয়ে এবারও জয়ের বিষয়ে তিনি সম্পূর্ণ নিশ্চিত।