বেলডাঙা থেকে রানিনগর দেবের মেগা রোড শো-য়ে জনপ্লাবন, মুর্শিদাবাদে তুঙ্গে তৃণমূলের প্রচার

মুর্শিদাবাদ জেলার বেলডাঙা, রঘুনাথগঞ্জ ও রানিনগরে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী (দেব)। রবিবার বেলডাঙায় মাত্র সোয়া এক ঘণ্টার রোড শো-য়ে মানুষের ভিড় আছড়ে পড়ে। এর আগে রঘুনাথগঞ্জে প্রতিমন্ত্রী আখরুজ্জামানের সমর্থনে প্রচার সারেন তিনি। প্রিয় নায়ককে হাতের কাছে পেয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়, যার ফলে রঘুনাথগঞ্জের রাজপথ কার্যত স্তব্ধ হয়ে পড়ে। হুডখোলা গাড়িতে চড়ে হাসিমুখে জনতাকে অভিবাদন জানান এই তারকা সাংসদ।
বেলডাঙার সিআরজিএস স্কুলমাঠে হেলিকপ্টারে দেব পৌঁছালে শঙ্খধ্বনি দিয়ে তাঁকে স্বাগত জানায় তৃণমূলের মহিলা ব্রিগেড। সেখানে দলীয় প্রার্থী রবিউল আলম চৌধুরীকে পাশে নিয়ে রোড শো শুরু করেন তিনি। ভিড়ের চাপে বারবার থমকে যায় তাঁর গাড়ি। বেলডাঙা সেরে তিনি ইসলামপুরের নশিপুরে পৌঁছান সৌমিক হোসেনের সমর্থনে প্রচার করতে। দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও ভক্তদের উৎসাহে কোনো ঘাটতি ছিল না। দেব সাধারণ মানুষের উদ্দেশে ফুল ও উত্তরীয় ছুঁড়ে দেন এবং হাত মিলিয়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন।
তৃণমূল নেতৃত্বের দাবি, দেবের এই প্রচার জেলায় বিরোধী শিবিরে বড়সড় কম্পন ধরিয়েছে। রাস্তার দুই পাশে তিল ধারণের জায়গা ছিল না, যেখানে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলারাও। হাসপাতাল মোড়ে এক তরুণীকে রুমাল বাড়িয়ে অটোগ্রাফ নিতে দেখা যায়। প্রার্থী রবিউল আলম চৌধুরী জানান, এই জনজোয়ার প্রমাণ করে দিয়েছে যে বেলডাঙাবাসী উন্নয়নের পাশেই আছেন। সব মিলিয়ে রবিবার মুর্শিদাবাদের রাজপথ ছিল দেবময় এবং ঘাসফুল শিবিরের দখলে।