বিবাহ বিচ্ছেদের চাপে আত্মঘাতী শিক্ষক! চাঞ্চল্যকর এই ঘটনায় কাঠগড়ায় প্রেমিকা

বিহারের সমস্তিপুর জেলায় এক স্কুল শিক্ষকের রহস্যজনক আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম তরুণ কুমার (৩২), যিনি রামপুর কেশোপট্টির একটি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। অভিযোগ উঠেছে, এক নারী সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্ক এবং তাঁর দেওয়া ক্রমাগত মানসিক চাপের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। পুলিশ মুসরিঘরারি থানার অন্তর্গত একটি ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, মুজাফফরপুরে কর্মরত থাকাকালীন এক শিক্ষিকার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তরুণ। বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবারের হস্তক্ষেপে তিনি সরে আসার চেষ্টা করলেও ওই নারী তাঁকে উত্যক্ত করতে থাকেন। অভিযোগ অনুযায়ী, ওই শিক্ষিকা তরুণকে তাঁর বর্তমান স্ত্রীকে তালাক দেওয়ার জন্য নিয়মিত চাপ দিতেন এবং দাবি না মানলে কারাদণ্ডসহ আইনি ব্যবস্থার হুমকি দিতেন। এই মানসিক টানাপোড়েন সহ্য করতে না পেরেই তরুণ চূড়ান্ত পদক্ষেপ নিয়েছেন বলে তাঁর বাবা অভিনব কুমার দাবি করেছেন।
ঘটনার দিন রাতেও ওই নারী শিক্ষিকা তরুণকে ফোন করেছিলেন বলে জানা গেছে। ফোনে দীর্ঘক্ষণ কথা বলার পর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন তরুণ। পরে দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা পুলিশে খবর দিলে উদ্ধার হয় নিথর দেহ। বর্তমানে পুলিশের হাতে ঘটনার বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট এসেছে, যা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।