অমিত শাহকে মমতার খোলা চ্যালেঞ্জ ‘জিতব আমরাই, ছাব্বিশে পতন নিশ্চিত’

অমিত শাহকে মমতার খোলা চ্যালেঞ্জ ‘জিতব আমরাই, ছাব্বিশে পতন নিশ্চিত’

মালদহের জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় প্রার্থীদের সমর্থনে মানিকচক ও গাজোলসহ একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি সাফ জানান, বাংলার মানুষের ওপর হওয়া অন্যায়ের বদলা গণতান্ত্রিক পদ্ধতিতেই নেওয়া হবে। অনুপ্রবেশ ও চক্রান্তের অভিযোগ তুলে তিনি দাবি করেন, বিজেপি অত্যাচারের সীমা ছাড়িয়ে গেছে এবং আগামী নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত।

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ও এসআইআর ইস্যু নিয়ে সোচ্চার হয়ে মুখ্যমন্ত্রী বলেন, বেছে বেছে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের নাম কাটা হয়েছে। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে অনেক নাম পুনরুদ্ধার সম্ভব হলেও বিজেপির ‘লুট ও ঝুট’-এর রাজনীতি মানুষ ধরে ফেলেছে। গতবার যারা বিজেপিকে ভোট দিয়েছিল, বঞ্চনার শিকার হয়ে এবার তারা দিক পরিবর্তন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বক্তব্যের শেষে মুখ্যমন্ত্রী কংগ্রেস ও মিমকেও তীব্র নিশানা করেন। তাঁর অভিযোগ, মানুষের বিপদে এই দলগুলোকে পাশে পাওয়া যায় না। ওয়াকফ সম্পত্তি রক্ষা থেকে শুরু করে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার সচেষ্ট থাকলেও কেন্দ্র পরিকল্পিতভাবে অশান্তি ছড়াচ্ছে। দিল্লির গদি দখলের ডাক দিয়ে মমতা ঘোষণা করেন, এবারের লড়াই বাংলা বাঁচানোর এবং বিজেপিকে পরাস্ত করার ‘দুরন্ত খেলা’ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *