বিরাট মিছিলে ঐক্যের বার্তা দিয়ে মনোনয়ন জমা গৌতমের, সৌজন্য বিনিময় বিজেপির সঙ্গেও

বিরাট মিছিলে ঐক্যের বার্তা দিয়ে মনোনয়ন জমা গৌতমের, সৌজন্য বিনিময় বিজেপির সঙ্গেও

দক্ষিণ দিনাজপুরে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভার রেশ কাটতে না কাটতেই জেলা তৃণমূলের অন্দরে একতার ছবি স্পষ্ট হলো। শনিবার গঙ্গারামপুরের তৃণমূল প্রার্থী গৌতম দাসের মনোনয়ন ঘিরে বালুরঘাটে জেলা নেতৃত্বের এক নজিরবিহীন জমায়েত দেখা যায়। জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, প্রাক্তন সভাপতি মৃণাল সরকার এবং যুব সভাপতি অম্বরিশ সরকারসহ শীর্ষ নেতাদের উপস্থিতিতে বিশাল মিছিল করে এদিন শক্তি প্রদর্শন করে ঘাসফুল শিবির।

মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে বালুরঘাট থানা মোড়ে কংগ্রেসের মিছিলে মুখোমুখি হয়ে পড়ে তৃণমূলের মিছিল। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত থাকে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে তৃণমূল কর্মীরা সাময়িকভাবে মিছিল থামিয়ে কংগ্রেসকে পথ ছেড়ে দেন। দীর্ঘ দুই দশক পর এই জেলায় কংগ্রেস প্রার্থীদের সক্রিয় উপস্থিতি রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।

এদিন জেলা প্রশাসনিক ভবনে বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়ের সঙ্গে তৃণমূল নেতাদের সৌজন্যমূলক সাক্ষাৎকার নজর কেড়েছে। গৌতম ও অম্বরিশরা বিজেপি প্রার্থীকে ‘কাকা’ সম্বোধন করে শুভেচ্ছা জানান। যদিও রাজনীতির ময়দানে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। গৌতম দাস জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী হলেও, সত্যেন্দ্রনাথ রায়ের দাবি, মানুষ এবার রাজ্যজুড়ে পরিবর্তনের পক্ষেই ভোট দেবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *