আপ নেতার বিস্ফোরক ভিডিও বার্তায় তোলপাড় রাজনীতি, পদত্যাগের পথে কি রাঘব চাড্ডা

আপ নেতার বিস্ফোরক ভিডিও বার্তায় তোলপাড় রাজনীতি, পদত্যাগের পথে কি রাঘব চাড্ডা

আম আদমি পার্টির অন্দরমহলে বড়সড় ফাটলের ইঙ্গিত দিয়ে এবার সরাসরি বিদ্রোহ ঘোষণা করলেন দলের বর্ষীয়ান নেতা ও রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। সম্প্রতি রাজ্যসভায় দলের ডেপুটি লিডারের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পর থেকেই অরবিন্দ কেজরিওয়ালের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নেতার সঙ্গে দলের সংঘাত তীব্র আকার নিয়েছে। রবিবার সমাজমাধ্যমে একটি বিশেষ ভিডিও শেয়ার করে রাঘব স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, পদ কেড়ে নিলেও তাঁর কণ্ঠরোধ করা আসাম্ভব। ভিডিওর ক্যাপশনে তাঁর দেওয়া ‘আসল ছবি এখনও বাকি’ বার্তাটি জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে।

রাঘব তাঁর ভিডিও বার্তায় মূলত পাঞ্জাবের আবেগ ও অধিকার রক্ষার লড়াইকে প্রাধান্য দিয়েছেন। সেখানে রাজ্যসভায় দেওয়া তাঁর বিভিন্ন তেজস্বী বক্তব্যের খণ্ডচিত্র তুলে ধরে তিনি দাবি করেছেন, পাঞ্জাব তাঁর কাছে কেবল রাজনীতির বিষয় নয়, বরং তাঁর আত্মা ও দায়িত্ব। অন্যদিকে, আপ হাইকম্যান্ডের অভিযোগ যে রাঘব দলীয় শৃঙ্খলার বাইরে গিয়ে কাজ করছিলেন। তবে পালটা অভিযোগে এই যুব নেতা জানিয়েছেন, সংসদে জনস্বার্থের গুরুত্বপূর্ণ ইস্যু তুলতে তাঁকে বারংবার বাধা দেওয়া হচ্ছিল এবং তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে।

রাজনৈতিক মহলে এখন জোরালো জল্পনা চলছে রাঘব চাড্ডার পরবর্তী পদক্ষেপ নিয়ে। দলের অন্যতম এই কারিগরের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর থেকেই তাঁর বিজেপি যোগের সম্ভাবনা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তাঁর সমাজমাধ্যমের প্রোফাইল থেকে নির্দিষ্ট কিছু রাজনৈতিক পোস্ট সরিয়ে নেওয়া সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। ২০১২ সাল থেকে দলের অন্যতম মুখ হিসেবে কাজ করা রাঘব যদি সত্যিই দল ছাড়েন, তবে দিল্লি ও পাঞ্জাবে আম আদমি পার্টির ভোটব্যাঙ্কে বড় ধরনের ধস নামার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *