ইডি সিবিআই মোটা ভাই, ভোটের পর দেখা নাই! মুর্শিদাবাদের সভা থেকে অমিত শাহকে তীব্র আক্রমণ মমতার

লোকসভা নির্বাচনের প্রাক্কালে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের জনসভা থেকে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ তুলে এদিন তিনি ছড়ার ছন্দে কটাক্ষ করে বলেন, “ইডি-সিবিআই মোটা ভাই, ভোটের পর দেখা নাই।” একইসঙ্গে দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, এজেন্সির ভয় দেখিয়ে তৃণমূলকে দমানো যাবে না, কারণ সাধারণ মানুষ তাঁদের পাশেই রয়েছেন।
এদিনের সভা থেকে বাংলার মহিলাদের বিশেষ সতর্কবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিজেপি ‘ছদ্মবেশে’ সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর হাতিয়ে নেওয়ার ছক কষছে। মমতার দাবি, অ্যাকাউন্টে টাকা ঢোকানোর প্রলোভন দেখিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ ও সাধারণ মানুষের সম্পদ কেড়ে নেওয়াই বিরোধী শিবিরের মূল লক্ষ্য। তাই নিজের নাম করে কেউ অ্যাকাউন্ট নম্বর চাইলেও তা দিতে নিষেধ করেছেন তিনি।
নির্বাচনী রণকৌশল হিসেবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকেই রাজ্যের ২৯৪টি আসনের একমাত্র প্রার্থী হিসেবে তুলে ধরেন। ভোটারদের উদ্দেশে তাঁর আবেদন, উন্নয়ন ও ভরসার নিরিখে যেন জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়া হয়। পাশাপাশি বহিরাগতদের বিষয়ে সতর্ক থাকার এবং ইভিএম থেকে গণনা কেন্দ্র পর্যন্ত কড়া নজরদারি চালানোর জন্য দলীয় কর্মীদের বিশেষ নির্দেশ দেন তৃণমূল নেত্রী।