বাড়ি ও জমি নেই তবু বাড়ল সম্পত্তি! ৫ বছরে কত টাকার মালিক হলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী

আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে রাজনৈতিক মহলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ভাঙড়ের আইএসএফ (ISF) নেতা নওশাদ সিদ্দিকী। সম্পতি কমিশনের কাছে জমা দেওয়া তাঁর নির্বাচনী হলফনামা থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গত পাঁচ বছরে বিধায়ক হিসেবে তাঁর সম্পত্তির পরিমাণে বেশ কিছু উল্লেখযোগ্য রদবদল লক্ষ্য করা গেছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তুঙ্গে।
হলফনামা অনুযায়ী, নওশাদ সিদ্দিকীর নিজের নামে বর্তমানে কোনো ব্যক্তিগত বাড়ি বা জমি নেই। অবাক করার মতো বিষয় হলো, ২০২১ সালের নির্বাচনের সময় তাঁর নামে প্রায় ১৯ লক্ষ টাকার কৃষিজমি ছিল, যা বর্তমানে তাঁর স্থাবর সম্পত্তির তালিকায় নেই। তবে স্থাবর সম্পত্তি না থাকলেও তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ লক্ষ ৫০ হাজার ৭২ টাকা।
আর্থিক লেনদেনের তথ্যে দেখা যাচ্ছে, নওশাদের কাছে বর্তমানে নগদ মাত্র ৫০ হাজার ৬০০ টাকা রয়েছে। তবে তাঁর নামে বিভিন্ন ব্যাঙ্কে মোট ৬টি অ্যাকাউন্ট আছে, যেখানে পৃথকভাবে গচ্ছিত রয়েছে কয়েক লক্ষ টাকা। এছাড়া যাতায়াতের জন্য তাঁর একটি স্করপিও গাড়ি রয়েছে। হলফনামার তথ্য অনুযায়ী, বর্তমানে এই বিধায়কের মাসিক আয় প্রায় আড়াই লক্ষ টাকা।
আদর্শের প্রশ্নে আপসহীন নওশাদ এর আগে দাবি করেছিলেন যে, তাঁকে দলবদলের জন্য কোটি কোটি টাকার প্রলোভন দেওয়া হয়েছিল। সব মিলিয়ে, পাঁচ বছরে তাঁর জীবনযাত্রার মান ও সম্পত্তির এই খতিয়ান এখন রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত বিষয়। কোনো নিজস্ব জমি না থাকা সত্ত্বেও অস্থাবর সম্পত্তির এই বৃদ্ধি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।