ইসরায়েলে মিলল ২১০০ বছরের প্রাচীন বুলেট, শক্রর উদ্দেশ্যে খোদাই করা বিশেষ বার্তা

ইসরায়েলের প্রাচীন শহর হিপ্পোসে প্রত্নতাত্ত্বিক খননকার্যের সময় প্রায় ২,১০০ বছরের পুরোনো সিসার তৈরি একটি গুলতি বা বুলেটের সন্ধান পেয়েছেন গবেষকরা। প্রাচীন এই যুদ্ধাস্ত্রটির বিশেষত্ব হলো এর গায়ে খোদাই করা একটি তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক বার্তা। প্রত্নতাত্ত্বিকদের মতে, এটি হেলেনিস্টিক যুগের নিদর্শন, যা প্রাচীন সুসিতা বা হিপ্পোস শহরের এক কবরস্থান সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
হাইফা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক ড. মাইকেল আইজেনবার্গ এবং ড. আরলেটা কোভালেভস্কা এই আবিষ্কারের নেপথ্যে রয়েছেন। তাঁরা জানান, ডিম্বাকৃতি এই সিসার বুলেটে গ্রিক ভাষায় একটি শব্দ খোদাই করা রয়েছে, যার বাংলা অর্থ দাঁড়ায় ‘শেখো’। গবেষকদের মতে, এটি ছিল শত্রু সেনাদের প্রতি শহরের রক্ষকদের এক ধরণের উপহাস বা মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ। যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে ‘শিক্ষা দেওয়ার’ লক্ষ্যেই সম্ভবত এমন বার্তা ব্যবহার করা হয়েছিল।
বিজ্ঞান সাময়িকী ‘প্যালেস্টাইন এক্সপ্লোরেশন কোয়ার্টারলি’-তে প্রকাশিত এই গবেষণা অনুযায়ী, হিপ্পোসে এ পর্যন্ত ৬৯টি এই ধরণের বুলেট পাওয়া গেলেও ‘শেখো’ লেখা সম্বলিত নিদর্শনের দেখা মিলল এই প্রথম। প্রায় ৩.২ সেন্টিমিটার দীর্ঘ এবং ১.৯৫ সেন্টিমিটার চওড়া এই বুলেটটির বর্তমান ওজন ৩৮ গ্রাম। তবে গবেষকদের ধারণা, ব্যবহারের সময় বা সংঘর্ষের আগে এর ওজন ছিল প্রায় ৪৫ গ্রাম। বুলেটের গায়ে আঘাতের স্পষ্ট চিহ্ন থেকে বোঝা যায়, এটি সরাসরি লক্ষ্যভেদে ব্যবহৃত হয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, প্রাচীনকালে সিসার তৈরি এই বুলেটগুলো ছিল সস্তা কিন্তু অত্যন্ত প্রাণঘাতী। যখন শত্রু সৈন্যরা শহরের দিকে অগ্রসর হচ্ছিল, তখন শহরের প্রাচীর থেকে রক্ষীরা গুলতির সাহায্যে এই বুলেটগুলো নিক্ষেপ করত। কোনো বুলেটে এমন সুনির্দিষ্ট লিখিত বার্তা পাওয়া অত্যন্ত বিরল ঘটনা, যা প্রাচীনকালীন যুদ্ধের রণকৌশল এবং রসবোধের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য যে, হিপ্পোস শহরটি প্রাচীনকালে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র ছিল। গত বছরেও এই এলাকায় খনন চালিয়ে প্রত্নতাত্ত্বিকরা ১,৬০০ বছরের পুরোনো একটি খ্রিস্টান সেবা কেন্দ্রের হদিস পেয়েছিলেন, যা বিশ্বের প্রাচীনতম নার্সিং হোম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই স্থানে মেটাল ডিটেক্টরের সাহায্যে প্রচুর প্রাচীন অলঙ্কার এবং স্বর্ণমুদ্রার ভাণ্ডারও আবিষ্কৃত হয়েছে, যা এই অঞ্চলের সমৃদ্ধ ইতিহাসের পরিচয় দেয়।