অবশিষ্ট ছুটির বদলে হাতে আসবে নগদ টাকা, নতুন শ্রম আইনে খুশির খবর চাকুরিজীবীদের জন্য

অবশিষ্ট ছুটির বদলে হাতে আসবে নগদ টাকা, নতুন শ্রম আইনে খুশির খবর চাকুরিজীবীদের জন্য

কেন্দ্রীয় সরকারের নতুন শ্রম আইন বা ‘নিউ লেবার কোড ২০২৬’ দেশের চাকুরিজীবীদের জন্য বড়সড় স্বস্তির খবর নিয়ে এসেছে। সাধারণত কো ম্পা নি বা বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদানের সময় বার্ষিক ছুটির একটি নির্দিষ্ট তালিকা দেওয়া হলেও, কাজের চাপে অনেক কর্মীই সেই ছুটি পুরোপুরি ভোগ করতে পারেন না। ফলে বছরের শেষে অনেক ছুটি অব্যবহৃত থেকে যায়। বর্তমান নিয়ম অনুযায়ী, এই ছুটি সাধারণত চাকরি ছাড়ার সময় বা অবসর গ্রহণের আগে নগদায়ন করা যায়। তবে নতুন শ্রম আইনের অধীনে এখন থেকে প্রতি বছরই এই অবশিষ্ট ছুটির বিনিময়ে নগদ টাকা পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

পেশাগত সুরক্ষা, স্বাস্থ্য এবং কর্মপরিবেশ (OSH) কোড, ২০২০-এর নির্দেশিকা অনুযায়ী এই নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। নতুন বিধি মোতাবেক, একজন কর্মী বছরের শেষে তাঁর অর্জিত ছুটির সর্বোচ্চ ৩০ দিন পরবর্তী বছরের জন্য জমা রাখতে বা স্থানান্তর করতে পারবেন। যদি কোনো কর্মীর ৩০ দিনের বেশি ছুটি পাওনা থাকে, তবে অতিরিক্ত দিনগুলোর জন্য সংশ্লিষ্ট সংস্থাকে অর্থ প্রদান করতে হবে। উদাহরণস্বরূপ, যদি কোনো কর্মীর বছরে ৪৫ দিনের ছুটি অবশিষ্ট থাকে, তবে ৩০ দিন পরবর্তী বছরের অ্যাকাউন্টে যোগ হবে এবং বাকি ১৫ দিনের জন্য তিনি নগদ টাকা পাবেন।

এই নতুন আইনে আরও কিছু যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে যা কর্মীদের সুরক্ষা নিশ্চিত করবে। এখন থেকে কোনো কর্মী ছুটির আবেদন করলে এবং কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করলে, সেই দিনগুলো ৩০ দিনের সীমার বাইরে গণনা করা হবে। পাশাপাশি, আগে অর্জিত ছুটির যোগ্য হতে গেলে অন্তত ২৪০ দিন কাজ করা বাধ্যতামূলক ছিল, যা কমিয়ে ১৮০ দিন করা হয়েছে। অর্থাৎ মাত্র ছয় মাস কাজ করার পরেই কর্মীরা ছুটি অর্জন এবং তা নগদে রূপান্তরের অধিকার পাবেন।

এছাড়াও কর্মীদের পাওনা মেটানোর ক্ষেত্রে কড়া নির্দেশ দেওয়া হয়েছে নতুন শ্রম আইনে। যদি কোনো কর্মী পদত্যাগ করেন, তবে কো ম্পা নিকে অবশ্যই দুই দিন বা ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর যাবতীয় পাওনা বা ‘ফুল অ্যান্ড ফাইনাল’ সেটেলমেন্ট সম্পন্ন করতে হবে। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে একদিকে যেমন কর্মীদের আর্থিক লাভ হবে, তেমনই কর্মক্ষেত্রে স্বচ্ছতা ও কাজের সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *