মাঝরাতে কার সঙ্গে সময় কাটাচ্ছেন সালমান খান? ভাইজানের রহস্যময় পোস্টে তোলপাড় নেটপাড়া!

রাত তখন প্রায় চারটে, গোটা দুনিয়া যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই সমাজমাধ্যমে একটি পোস্ট করে শোরগোল ফেলে দিলেন বলিউড সুপারস্টার সালমান খান। তবে একা নন, তাঁর সঙ্গে দেখা গেল এক বিশেষ সঙ্গীকে। ভাইজান নিজেই ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তাঁর প্রিয় সঙ্গী ‘সুখ’-এর। আসলে ‘সুখ’ হলো সালমানের আদরের পোষ্য কুকুর, যাকে ঘিরেই অভিনেতার এই মধ্যরাতের আবেগঘন মুহূর্ত। গত রবিবার রাত ৩টে ৫৫ মিনিটে পোস্ট করা এই ছবিতে সালমানকে নীল ডেনিম ও সাদা শার্টে বেশ খোশমেজাজে দেখা গেছে।
ব্যক্তিগত জীবনের ছোটখাটো আনন্দ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে বরাবরই ভালোবাসেন সালমান। গত জানুয়ারি মাসেই তিনি প্রথমবার এই পোষ্যটির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। শুটিংয়ের ব্যস্ত শিডিউলের মাঝেও পোষ্যের সঙ্গে সময় কাটিয়ে যে তিনি বেশ স্বস্তিতে আছেন, তা তাঁর মুখের চওড়া হাসিতেই স্পষ্ট। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘তিনটে বেজে পঞ্চান্ন মিনিট, আমার সুখ।’ এই পোস্ট দেখে নেটিজেনদের মধ্যে মজার প্রতিক্রিয়ার বন্যা বয়ে গিয়েছে। কেউ কেউ ভালোবেসে মন্তব্য করেছেন, আবার কেউ রসিকতা করে লিখেছেন, ‘ভাইজানের রাতে ঘুম আসে না।’
বর্তমানে সালমান খান তাঁর আগামী ছবি ‘মাতৃভূমি’-র শুটিং নিয়ে প্রবল ব্যস্ত। অভিনেতা প্রশান্ত তামাংয়ের প্রয়াণে ছবির চিত্রনাট্যে কিছু রদবদল আনতে হচ্ছে, যার ফলে দিন-রাত এক করে কাজ করতে হচ্ছে তাঁকে। এরই মাঝে প্রকাশ্যে এল তাঁর পরবর্তী বড় প্রজেক্টের খবর। দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ভাইজান। ভামশি পেডপাল্লির পরিচালনায় এই অ্যাকশন ঘরানার ছবিটি ২০২৭ সালের ইদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আপাতত ‘এসভিসি৬৩’ নামে পরিচিত এই সিনেমাটি নিয়ে ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে।