পর্ণশ্রীতে বিজেপি কার্যালয় ভাঙচুর, রত্না চট্টোপাধ্যায়সহ সাতজনের বিরুদ্ধে এফআইআর

পর্ণশ্রীতে বিজেপি কার্যালয় ভাঙচুর, রত্না চট্টোপাধ্যায়সহ সাতজনের বিরুদ্ধে এফআইআর

কলকাতার পর্ণশ্রী এলাকায় নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও পোস্টার-ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এই ঘটনায় বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়সহ মোট সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। অভিযোগ, রবিবার দুপুরে বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁর নির্বাচনী কার্যালয়ে একদল দুষ্কৃতী চড়াও হয় এবং পুলিশের সামনেই ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মী-সমর্থকরা মিছিল করে পর্ণশ্রী থানায় বিক্ষোভ প্রদর্শন করেন।

বিজেপি প্রার্থী থানায় পৌঁছানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, বিজেপি কর্মীরা থানায় আসার পরপরই পুলিশ ভেতর থেকে গেট বন্ধ করে দেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও স্লোগান-পাল্টা স্লোগান শুরু হয়। বিজেপি সমর্থকরা তাঁকে লক্ষ্য করে স্লোগান দিলে রত্না চট্টোপাধ্যায়কেও পাল্টা তেড়ে যেতে দেখা যায়। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

ইন্দ্রনীল খাঁর দাবি, তৃণমূল প্রার্থীর উপস্থিতিতেই তাঁর অনুগামীরা ভাঙচুর চালিয়েছে এবং সমস্ত ঘটনার সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে তিনি রাত পর্যন্ত থানার সামনে ধরনা দেন। অন্যদিকে, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন রত্না চট্টোপাধ্যায়। তাঁর পাল্টা অভিযোগ, বিজেপিই আগে তৃণমূলের হোর্ডিং ছিঁড়েছে। রত্না চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, সিসিটিভি ফুটেজে তাঁর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া গেলে তিনি প্রার্থী পদ ত্যাগ করবেন। পুলিশ অবরোধ সরালেও এলাকা এখনো থমথমে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *