স্কুটার সম্বল নেই সোনাদানা ৪ গুণ সম্পত্তি বেড়েছে , উত্তরপাড়ার সিপিআইএম প্রার্থীর আয়ের উৎস কী?

একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের হাইভোল্টেজ লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বিপক্ষে লড়ে নজর কেড়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। ২০২৬-এর নির্বাচনে সেই মীনাক্ষীর ওপরই ভরসা রেখে তাঁকে উত্তরপাড়া কেন্দ্র থেকে টিকিট দিয়েছে সিপিআইএম। শ্রীরামপুর মহকুমাশাসকের দফতরে মনোনয়ন পেশের পর তাঁর হলফনামা থেকে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। গত পাঁচ বছরে বামেদের এই ‘ক্যাপ্টেন’-এর অস্থাবর সম্পত্তি প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫ লক্ষ ৭৮ হাজার ৪৫৬ টাকা।
হলফনামা অনুযায়ী, মীনাক্ষী মুখোপাধ্যায়ের নিজের নামে কোনো জমি, বাড়ি বা সোনাদানা নেই। তাঁর একমাত্র বাহন ১২ বছরের পুরনো একটি স্কুটার, যার বর্তমান বাজারমূল্য ২০ হাজার ৮৮০ টাকা। তাঁর আয়ের একমাত্র উৎস হলো দল থেকে পাওয়া মাসিক ভাতা। ৫ বছর আগে এই ভাতার পরিমাণ ছিল ৫ হাজার টাকা, তবে বর্তমানে তিনি কত টাকা ভাতা পান, তা হলফনামায় স্পষ্ট উল্লেখ করা হয়নি। তাঁর হাতে নগদ রয়েছে মাত্র ২ হাজার টাকা এবং বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও পিপিএফ মিলিয়ে প্রায় ১ লক্ষ ৯৭ হাজার টাকা জমা রয়েছে। এছাড়া মিউচুয়াল ফান্ড ও এলআইসিতেও তাঁর বিনিয়োগ রয়েছে।
সম্পত্তির পাশাপাশি গত পাঁচ বছরে মীনাক্ষীর বিরুদ্ধে মামলার সংখ্যাও পাল্লা দিয়ে বেড়েছে। নন্দীগ্রাম যুদ্ধের সময় তাঁর বিরুদ্ধে মাত্র ২টি এফআইআর থাকলেও এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে ১৯-এ। যার মধ্যে সরকারি কাজে বাধা দান, বেআইনি জমায়েত এবং খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগ রয়েছে। তবে কোনো মামলাতেই এখনও চার্জ গঠন হয়নি। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও বিএড ডিগ্রিধারী এই নেত্রী এখন উত্তরপাড়ার মানুষের মন জয় করতে মরিয়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শূন্যের গেরো কাটাতে মীনাক্ষীই এখন বামেদের প্রধান বাজি।