অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর বিরুদ্ধে ১২৭০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টনে স্বজনপোষণ এবং দুর্নীতির গুরুতর অভিযোগে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা এবং এনভি আঞ্জারিয়ার সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ এই রায় প্রদান করে। অভিযোগ উঠেছে, মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের প্রায় ১,২৭০ কোটি টাকার সরকারি কাজের চুক্তি পাইয়ে দেওয়া হয়েছে। এই বিপুল অঙ্কের মধ্যে ১,২৪৫ কোটি টাকার কাজ টেন্ডারের মাধ্যমে এবং বাকি ২৫ কোটি টাকার কাজ সরাসরি ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে বরাদ্দ করা হয়েছিল বলে জানা গেছে।
শীর্ষ আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রাথমিক তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত রাজ্যে যত সরকারি নির্মাণ সংক্রান্ত চুক্তি হয়েছে, তার সবকটিই এই তদন্তের আওতায় আসবে। তদন্ত চলাকালীন নির্দিষ্ট এই সময়ের বাইরের কোনো সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য সামনে এলেও সিবিআই তা খতিয়ে দেখতে পারবে। স্বচ্ছ তদন্তের স্বার্থে সুপ্রিম কোর্ট ১৬ সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে।
তদন্ত প্রক্রিয়ায় রাজ্য সরকারকে পূর্ণ সহযোগিতার নির্দেশ দিয়েছে আদালত। মুখ্যসচিবকে সিবিআই-এর সঙ্গে সমন্বয় রক্ষার জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করতে বলা হয়েছে। পাশাপাশি, সরকারি কোনো গুরুত্বপূর্ণ নথি যাতে নষ্ট বা বিকৃত না করা হয়, তা নিশ্চিত করার দায়িত্বও বর্তেছে রাজ্য প্রশাসনের ওপর। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের এই নির্দেশ উত্তর-পূর্ব ভারতের রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে।