৫ বছরে সম্পত্তি বাড়ল দ্বিগুণ এবং মামলা বেড়ে ২২! আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হলফনামায় চাঞ্চল্যকর তথ্য

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় পেশ করা হলফনামায় তাঁর যে সম্পত্তির খতিয়ান উঠে এসেছে, তা নিয়ে বর্তমানে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ফ্যাশন ডিজাইনার থেকে রাজনীতির ময়দানে আসা এই বিজেপি নেত্রীর গত পাঁচ বছরে অস্থাবর সম্পত্তির পরিমাণ দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের নির্বাচনের সময় যেখানে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১.১০ কোটি টাকা, ২০২৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২.৫৬ কোটি টাকায়।
অগ্নিমিত্রা পালের স্থাবর সম্পত্তির পরিমাণ ১.২৮ কোটি টাকাতেই অপরিবর্তিত রয়েছে। সব মিলিয়ে বর্তমানে তিনি মোট ৩.৮৪ কোটি টাকার মালিক। তবে আশ্চর্যের বিষয় হলো, মোট সম্পত্তি বাড়লেও তাঁর বার্ষিক আয়ের গ্রাফ কিন্তু নিম্নমুখী। হলফনামা অনুযায়ী, গত পাঁচ বছরে তাঁর গড় বার্ষিক আয় ছিল মাত্র ৩.৭৩ লক্ষ টাকা। অবশ্য তাঁর ব্যক্তিগত ঋণের বোঝা আগের চেয়ে কিছুটা কমেছে। ২০২১ সালে ঋণের পরিমাণ ১৯.৭১ লক্ষ টাকা থাকলেও বর্তমানে তা কমে ১২.০১ লক্ষ টাকায় দাঁড়িয়েছে। শিক্ষাগত যোগ্যতার নিরিখে তিনি আসানসোলের বানওয়ারিলাল ভালোটিয়া কলেজ থেকে বিএসসি স্নাতক এবং ফ্যাশন ডিজাইনে ডিপ্লোমাধারী।
হলফনামার অন্যতম বিতর্কিত দিক হলো তাঁর বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার সংখ্যা। রাজনীতিতে সক্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আইনি জটিলতা। ২০২১ সালে তাঁর বিরুদ্ধে মাত্র দুটি ফৌজদারি মামলা থাকলেও বর্তমানে সেই সংখ্যাটি এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ২২-এ। তবে বিজেপি নেত্রীর দাবি, এই মামলাগুলোর সিংহভাগই রাজনৈতিক আন্দোলন ও প্রতিবাদের ফল। আসানসোল দক্ষিণ থেকে বিদায়ী বিধায়ক হিসেবে তাঁর ওপর পুনরায় আস্থা রেখেছে গেরুয়া শিবির। এখন দেখার, এই বিপুল আইনি লড়াই ও সম্পত্তির খতিয়ান আসন্ন নির্বাচনে তাঁর জয়ে কতটা প্রভাব ফেলে।