ভয়াবহ ধসে বিপর্যস্ত উত্তর সিকিম: বিচ্ছিন্ন লাচেন, আটকে কয়েক হাজার পর্যটক

ভয়াবহ ধসে বিপর্যস্ত উত্তর সিকিম: বিচ্ছিন্ন লাচেন, আটকে কয়েক হাজার পর্যটক

প্রবল বৃষ্টি ও ভয়াবহ ভূমিধসে লণ্ডভণ্ড উত্তর সিকিম। চুংথাম ও লাচেন সংযোগকারী তারাম চু নদীর ওপর নবনির্মিত বেইলি ব্রিজের কাছে বিশাল ধস নামায় মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাচেন। শীত শেষে পাহাড়ের মনোরম আবহাওয়া উপভোগ করতে গিয়ে বর্তমানে কয়েক হাজার পর্যটক সেখানে আটকা পড়েছেন। রাস্তার ওপর কয়েকশো গাড়ির লম্বা লাইন পড়ে যাওয়ায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

পরিস্থিতি মোকাবিলায় আজ সকাল থেকেই উদ্ধারকাজে নেমেছে ভারতীয় সেনা, আইটিবিপি, বর্ডার রোডস অর্গানাইজেশন এবং স্থানীয় পুলিশ। ধস সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চললেও প্রতিকূল আবহাওয়া বাধা হয়ে দাঁড়াচ্ছে। পাশাপাশি উত্তর সিকিমের ইয়ামথাং, জিরো পয়েন্ট এবং গুরুদংমারগামী রাস্তায় ভারী তুষারপাতের ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আইস কাটার মেশিনের সাহায্যে দ্রুত বরফ সরানোর কাজ চালাচ্ছে প্রশাসন।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবার পর্যন্ত সিকিমে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকতে পারে। বর্তমানে লাচেনের পথ সম্পূর্ণ অবরুদ্ধ থাকলেও চুংথাম থেকে লাচুং যাওয়ার রাস্তাটি খোলা রয়েছে। আটকে পড়া পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং খাদ্য ও জরুরি পরিষেবা পৌঁছে দেওয়া এখন প্রশাসনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *