ফের বঙ্গে মোদী ঝড়, সপ্তাহান্তেই টানা দুদিন রাজ্যে প্রধানমন্ত্রী করবেন মেগা রোড শো ও জনসভা

আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম বাংলার রাজনীতি। নির্বাচনী প্রচারের পারদ আরও চড়াতে ফের সপ্তাহান্তেই পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলীয় সূত্রে খবর, আগামী ১১ ও ১২ এপ্রিল টানা দুদিনের জন্য তিনি রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি পালন করবেন। এই সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য উত্তর ও মধ্যবঙ্গের কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
সূচি অনুযায়ী, দুই দিনের এই মেগা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাটোয়া, জঙ্গিপুর ও বালুরঘাটে তিনটি বড় জনসভা করবেন। ১১ এপ্রিল জনসভা সেরে তিনি রাতে শিলিগুড়িতে অবস্থান করবেন। এরপর ১২ এপ্রিল শিলিগুড়িতে একটি বর্ণাঢ্য রোড শো-তে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফরকে কেন্দ্র করে ইতিমধেই বিজেপি শিবিরে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।
সফর শুরুর আগেই সোমবার বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মী ও প্রার্থীদের সঙ্গে বিশেষ ‘ব্রিজ কল’-এর মাধ্যমে কথা বলবেন মোদী। এই কথোপকথনে নির্বাচন সংক্রান্ত কৌশল এবং প্রার্থীদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন প্রধানমন্ত্রী। এর আগে কোচবিহারের জনসভা থেকেও তিনি রাজ্যের শাসকদলকে বিঁধে ‘জঙ্গলরাজ’ থেকে মুক্তির ডাক দিয়েছিলেন এবং মহিলাদের উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
প্রচারে এসে প্রধানমন্ত্রী মহিলা সংরক্ষণ আইনের সুফল নিয়েও সরব হয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন যে, ২০২৯ সালের লোকসভা নির্বাচন থেকে পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশের মহিলারা এই আইনের পূর্ণ সুবিধা পাবেন। মূলত রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে মুক্তি দিয়ে এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলাই বিজেপির লক্ষ্য বলে দাবি করেছেন তিনি। প্রধানমন্ত্রীর এই ঘনঘন সফর বাংলার ভোট ময়দানে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।