রাহুলের অকাল প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া, এবার বিচার চেয়ে সরব হলেন অভিনেত্রী শ্বেতা

রাহুলের অকাল প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া, এবার বিচার চেয়ে সরব হলেন অভিনেত্রী শ্বেতা

টেলিভিশন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর এক সপ্তাহ পার হলেও শোকের ছায়া এখনও কাটেনি। গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে যান অভিনেতা। চিত্রনাট্য অনুযায়ী মধুচন্দ্রিমার দৃশ্যের শট দেওয়ার সময় সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্রর সঙ্গে তিনি জলে পড়ে গিয়েছিলেন। শ্বেতাকে উদ্ধার করা সম্ভব হলেও রাহুলকে বাঁচানো যায়নি। দুর্ঘটনার পর থেকেই বিধ্বস্ত অবস্থায় ছিলেন শ্বেতা, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বয়ে গিয়েছিল। দীর্ঘ নীরবতা ভেঙে এবার সহ-অভিনেতার মৃত্যুর বিচার চেয়ে পরোক্ষভাবে সরব হলেন তিনি।

এতদিন সংবাদমাধ্যম বা জনসমক্ষে মুখ না খুললেও সম্প্রতি আর্টিস্ট ফোরামের ডাকা কর্মবিরতিতে সমর্থন জানিয়েছেন শ্বেতা মিশ্র। শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তার স্বার্থে আগামী ৭ এপ্রিল থেকে শুটিং বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার সমর্থনে একটি পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। রাহুলের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা এবং প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ওঠা গাফিলতির অভিযোগের মাঝে শ্বেতার এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শিল্পী মহল। উল্লেখ্য, এই প্রথম তিনি আনুষ্ঠানিকভাবে রাহুলের মৃত্যুর বিচারের দাবিতে সোচ্চার হলেন।

অভিনেত্রীর পারিবারিক সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি শ্বেতাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি পূর্ণ বিশ্রামে রয়েছেন এবং নিয়মিত ওষুধ চলছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্বেতা কোনোদিন অন্যায়ের সঙ্গে আপস করেননি এবং তিনি সত্যের পথেই আছেন। শারীরিক ও মানসিকভাবে কিছুটা সুস্থ হয়ে উঠলে তিনি নিজেই গোটা ঘটনা নিয়ে নিজের বক্তব্য প্রকাশ করবেন। আপাতত স্টুডিওপাড়ায় মঙ্গলবার থেকে শুরু হতে চলা কর্মবিরতিকে কেন্দ্র করে রাহুল মৃত্যুর বিচার পাওয়ার লড়াই আরও জোরালো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *