রাজ্যসভায় বাংলায় শপথ রাজীব বাবুল ও কোয়েলের, নতুন ইনিংস শুরু করলেন রাহুল সিনহা

রাজ্যসভায় বাংলায় শপথ রাজীব বাবুল ও কোয়েলের, নতুন ইনিংস শুরু করলেন রাহুল সিনহা

রাজ্যসভার সাংসদ হিসেবে সোমবার শপথ গ্রহণ করলেন পশ্চিমবঙ্গের পাঁচ জন প্রতিনিধি। দিল্লির উচ্চকক্ষে এদিন শপথ নিলেন প্রাক্তন পুলিশ কর্তা রাজীব কুমার, বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী, জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক, তৃণমূল বিধায়ক তথা সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয় এবং বিজেপি নেতা বিশ্বজিৎ সিনহা (রাহুল সিনহা)। তাঁদের শপথবাক্য পাঠ করান দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি.পি. রাধাকৃষ্ণন। উল্লেখ্য, রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক এবং রাহুল সিনহা—এই চারজনই এদিন মাতৃভাষা বাংলায় শপথবাক্য পাঠ করেন।

পশ্চিমবঙ্গের এই পাঁচ জন প্রতিনিধিই রাজ্যসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। সোমবার সংসদের উচ্চকক্ষে শপথ গ্রহণের মাধ্যমে রাজনীতির এক নতুন অধ্যায় শুরু করলেন কোয়েল মল্লিক, মেনকা গুরুস্বামী এবং রাজীব কুমার। অন্যদিকে, দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের পর প্রথমবার সংসদীয় আঙিনায় পা রাখলেন বিজেপি নেতা রাহুল সিনহা। ইতিপূর্বে চারবার বিধানসভা এবং পাঁচবার লোকসভা নির্বাচনে লড়াই করলেও জয় অধরা ছিল তাঁর। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে তিনি তাঁর নতুন ইনিংস শুরু করলেন।

এদিন পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু, ওড়িশা এবং মহারাষ্ট্রের মোট ১৯ জন সাংসদ শপথ গ্রহণ করেন। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এদিনের অনুষ্ঠানে সবার আগে শপথ নেন মহারাষ্ট্রের বিজেপি সাংসদ মায়া চিন্তামন ইভানতে এবং এরপর হুইলচেয়ারে করে এসে শপথ নেন প্রবীণ রাজনীতিক শরদ পাওয়ার। অনুষ্ঠান শেষে রাজ্যসভার চেয়ারম্যান সকল নবনির্বাচিত সাংসদদের উজ্জ্বল ভবিষ্যতের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *