নন্দকুমারে তেলের গোডাউনে বিধ্বংসী আগুন সামলাতে নামল আধা সেনা

পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার অন্তর্গত বাখরাবাদ এলাকায় একটি তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে স্থানীয় একটি তেলের গুদামে প্রথম আগুনের শিখা দেখতে পান বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় বিস্তীর্ণ এলাকা। রাস্তার একদম পাশেই অবস্থিত এই গোডাউনে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু তথা ‘কাটা তেল’ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা সাধারণ মানুষের মধ্যে প্রবল আতঙ্কের সৃষ্টি করে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নন্দকুমার থানার পুলিশ এবং দমকলের একাধিক ইঞ্জিন। আগুনের ভয়াবহতা এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি আধা সেনার সাহায্য নেওয়া হয়। নিরাপত্তার খাতিরে এলাকার যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় প্রশাসন। দমকল বাহিনীর দীর্ঘ সময়ের আপ্রাণ প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এই অগ্নিকাণ্ডে গোডাউনটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
এই ঘটনার পর ওই তেলের গোডাউনের বৈধতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। জনবসতিপূর্ণ এলাকায় কীভাবে এত পরিমাণ দাহ্য তেল মজুত করে রাখা হয়েছিল এবং গোডাউনটির প্রয়োজনীয় দমকল লাইসেন্স বা সরকারি ছাড়পত্র ছিল কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন। পুলিশের প্রাথমিক অনুমান, অবৈধভাবে তেল মজুত রাখার কারণেই বিপত্তি বড় আকার ধারণ করেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।