শিলিগুড়িতে তৃণমূল প্রার্থীর পোস্টার ছেঁড়ার অভিযোগ প্রচার বন্ধ রেখে অবস্থানে গৌতম দেব

ভোটের মুখে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি শহর। রাতের অন্ধকারে তৃণমূল প্রার্থীর ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন হেভিওয়েট প্রার্থী গৌতম দেব। সোমবার এই ঘটনার প্রতিবাদে এবং বিজেপির ‘অসভ্যতা’র বিরুদ্ধে সমস্ত নির্বাচনী প্রচার বন্ধ রেখে শহরের গান্ধীমূর্তির পাদদেশে প্রতীকী অবস্থানে বসেন তিনি। দলের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন গৌতম বাবু। এদিনই শিলিগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচি রয়েছে, তার আগে প্রার্থীর এই অবস্থান রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
গৌতম দেবের অভিযোগ, গত কয়েকদিন ধরেই পরিকল্পিতভাবে তাঁর পোস্টার ও ব্যানার নষ্ট করা হচ্ছে। কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির ওপর নরেন্দ্র মোদি কিংবা অমিত শাহের ছবি সেঁটে দেওয়া হচ্ছে। তৃণমূল প্রার্থীর দাবি, বিজেপি টাকা দিয়ে লোক ভাড়া করে এই ধরনের কাজ করাচ্ছে, যা শিলিগুড়ির রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। এছাড়াও তিনি বিজেপির বিরুদ্ধে ধর্মের নামে মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলেছেন। গৌতম দেব জানিয়েছেন, এই গোটা বিষয়টি নিয়ে তিনি ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন।
পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি প্রার্থী শংকর ঘোষ তৃণমূলের সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, উল্টে বিজেপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে এবং তাঁরাই প্রচারে বাধা পাচ্ছেন। শংকর ঘোষের চ্যালেঞ্জ, পিছন থেকে এই ধরনের কাজ না করে লড়াই হোক ভোটের ময়দানে। নির্বাচনের ঠিক আগে দুই প্রধান রাজনৈতিক দলের এই অভিযোগ-পাল্টা অভিযোগে শিলিগুড়ি শহরের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।