ভোটের আগে বড় ধাক্কা খেলেন হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রীর সভায় তৃণমূলে যোগ দিলেন আমজনতা উন্নয়ন পার্টির ৩০০ কর্মী
/indian-express-bangla/media/media_files/2025/12/22/humayun-mamata-2025-12-22-14-56-08.jpg?w=1200&resize=1200,675&ssl=1)
আগামী বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ভাঙনের মুখে পড়ল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের নবগঠিত দল ‘আমজনতা উন্নয়ন পার্টি’। সোমবার পূর্বস্থলী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই ভাঙন নিশ্চিত হয়। পূর্ব বর্ধমান জেলা সভাপতি পঙ্কজ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে দলের প্রায় ৩০০ জন কর্মী-সমর্থক আনুষ্ঠানিকভাবে শাসকদল তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে ভোটের লড়াই শুরু হওয়ার আগেই বড়সড় সাংগঠনিক ধাক্কা খেল হুমায়ুনের দল।
মঞ্চে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দলত্যাগী নেতা ও কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এই সময় উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ এবং মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীও। কিছুদিন আগেই দলবিরোধী আচরণের অভিযোগে তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর হুমায়ুন কবীর নিজের রাজনৈতিক মঞ্চ গড়েছিলেন। ছাব্বিশের নির্বাচনে ১৮২টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করে তৃণমূল সরকারকে গদিচ্যুত করার ডাক দিয়েছিলেন তিনি। কিন্তু সেই লক্ষ্যপূরণের আগেই খাস জেলা সভাপতির দলত্যাগ তাঁর রাজনৈতিক কৌশলের ওপর বড় প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিল।
রাজনৈতিক মহলের মতে, একদিকে যখন আমজনতা উন্নয়ন পার্টি মিম-এর সঙ্গে জোট বেঁধে প্রচারে নামার তোড়জোড় করছে, ঠিক তখনই এই জেলা স্তরের ভাঙন হুমায়ুন কবীরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তৃণমূলকে উৎখাত করার হুঙ্কার দিলেও বাস্তবে নিজের ঘর সামলাতেই হিমশিম খেতে হচ্ছে বহিষ্কৃত এই নেতাকে। একের পর এক নেতা-কর্মীর ঘাসফুল শিবিরে প্রত্যাবর্তনের ঘটনা প্রমাণ করছে যে, ভোটের ময়দানে নামার আগেই সাংগঠনিকভাবে পিছিয়ে পড়ছে তাঁর দল। এই গণ-যোগদান পূর্ব বর্ধমান জেলায় শাসকদলের হাতকে আরও শক্ত করল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।