সোনাক্ষীর মা হওয়ার গুঞ্জন তুঙ্গে, সত্যিটা জানালেন মা পুনম সিনহা

সোনাক্ষীর মা হওয়ার গুঞ্জন তুঙ্গে, সত্যিটা জানালেন মা পুনম সিনহা

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার ব্যক্তিগত জীবন নিয়ে গত কয়েক দিন ধরেই সমাজমাধ্যমে চর্চা তুঙ্গে। জল্পনা ছড়িয়েছে যে, অভিনেত্রী সম্ভবত মা হতে চলেছেন। তবে মেয়ের প্রেগন্যান্সি নিয়ে ওঠা এই জোরালো গুঞ্জন এবার হেসেই উড়িয়ে দিলেন সোনাক্ষীর মা পুনম সিনহা। সম্প্রতি এক অনুষ্ঠানে এই প্রসঙ্গে মজার ছলে তিনি জানান, বাইরের লোক ইতিমধ্যেই তাঁকে অনেকবার ‘নানি’ বা দিদিমা বানিয়ে ফেলেছে। পুনম আরও যোগ করেন যে, সেই খুশির সময় যখন আসবে, তখন তাঁরা অবশ্যই তা সবাইকে জানাবেন।

মূলত ২০২৫ সালের একটি অনুষ্ঠানে সোনাক্ষীকে লাল রঙের পোশাকে দেখে নেটিজেনদের একাংশ দাবি করেন যে, অভিনেত্রী তাঁর ‘বেবি বাম্প’ আড়াল করার চেষ্টা করছেন। এরপর থেকেই জল্পনার সূত্রপাত। যদিও এই ধরনের খবরকে শুরু থেকেই গুরুত্ব দিতে নারাজ সোনাক্ষী ও তাঁর স্বামী জাহির ইকবাল। সোনাক্ষী নিজেই সমাজমাধ্যমে ব্যঙ্গ করে লিখেছিলেন যে, তিনি গত ১৬ মাস ধরে প্রেগন্যান্ট। অভিনেত্রীর এমন সপাট জবাবে স্পষ্ট হয়ে যায় যে, ছড়িয়ে পড়া খবরগুলো নিছকই ভিত্তিহীন গুজব।

সাত বছর প্রেমের সম্পর্কের পর ২০২৪ সালে জাহির ইকবালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা। বর্তমানে তাঁরা নতুন ফ্ল্যাটে সংসার গুছিয়ে নিয়েছেন এবং অভিনেত্রী তাঁর ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। মেয়েকে নিয়ে জল্পনা চললেও মা পুনম সিনহা মনে করেন, মেয়েরাই বাড়ির শ্রেষ্ঠ সম্পদ এবং সোনাক্ষী তাঁদের পরিবারের সবথেকে বড় আনন্দ। আপাতত প্রেগন্যান্সির খবরটিকে স্রেফ গুজব হিসেবেই দেখছে সিনহা পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *