মাধ্যমিকের ফল কবে প্রকাশিত হতে পারে? জানুন

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রবল উৎসাহ তৈরি হয়েছে। এ বছর বিধানসভা নির্বাচনের কারণে পরীক্ষা নির্দিষ্ট সময়ের কিছুটা আগেই শুরু হয়েছিল। গত ২ ফেব্রুয়ারি শুরু হওয়া এই পরীক্ষা সম্পন্ন হয় ১২ ফেব্রুয়ারি। বর্তমানে উত্তরপত্র মূল্যায়নের কাজ জোরকদমে চলছে।
পর্ষদ সূত্রে জানা গেছে, প্রথা অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ও নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের ইঙ্গিত দিয়েছেন। আগামী ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর যে কোনো সময় মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে পারে বলে মনে করা হচ্ছে।
এ বছরের মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ৯,৭১,৩৪০ জন পরীক্ষার্থী, যা গত বছরের তুলনায় কিছুটা বেশি। পরিসংখ্যান অনুযায়ী, ছাত্রের সংখ্যা ৪,২৬,৭৩৩ এবং ছাত্রীর সংখ্যা ৫,৪৪,৬০৬ জন। এছাড়াও একজন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীও এই পরীক্ষায় অংশ নিয়েছেন। রাজ্যজুড়ে মোট ২,৬৮২টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়েছিল।
ফলাফল দ্রুত এবং নির্ভুলভাবে প্রস্তুত করতে পর্ষদ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বর্তমানে মোট ১৩৭৬ জন প্রধান পরীক্ষক এবং প্রায় ৫২,০০০ জন পরীক্ষক উত্তরপত্র যাচাইয়ের দায়িত্বে রয়েছেন। দ্রুত মূল্যায়নের মাধ্যমে মে মাসেই যাতে পরীক্ষার্থীরা তাদের মেধা যাচাই করতে পারেন, সেই লক্ষ্যেই দিনরাত কাজ করে চলেছে পর্ষদ।
পরীক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই ফলাফল দেখতে পাবেন। পর্ষদের আনুষ্ঠানিক ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in-এ লগইন করে নিজেদের রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিলেই মার্কশিট দেখা যাবে। এছাড়া স্মার্টফোনে iresults.net/wbbse-app নামক অ্যাপটি ডাউনলোড করেও দ্রুত ফলাফল জানার সুবিধা থাকছে।
উল্লেখ্য যে, আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিকের পাঠ্যসূচিতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বাংলা ও বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আধুনিকীকরণ ও সময়োপযোগী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন এই সংশোধিত সিলেবাস ২০২৭ সাল থেকে কার্যকর হতে পারে বলে জানিয়েছেন সিলেবাস কমিটির চেয়ারপার্সন অদিতি নাগ চৌধুরী।