ইরান-আমেরিকা সংঘাত জ্বালানি সংকটের শঙ্কায় বিশ্ব, উৎপাদন নিয়ে ওপেকের জরুরি বার্তা

ইরান ও আমেরিকার চলমান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের তেলক্ষেত্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তীব্র হয়েছে। ওপেকভুক্ত দেশগুলো জানিয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত পরিকাঠামো মেরামত করে উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফেরাতে দীর্ঘ সময় ও বিপুল অর্থের প্রয়োজন। বিশেষ করে হরমুজ প্রণালী আংশিক অচল হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ শৃঙ্খল বড় ধরনের ধাক্কা খেয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় ওপেক সীমিত পরিকাঠামো ব্যবহার করেই উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা করছে। এক্ষেত্রে রাশিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় তেল ও গ্যাস সরবরাহের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তবে দীর্ঘমেয়াদে ভারত এই পরিস্থিতির সুবিধা কতটা পাবে, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সংশয় রয়েছে। বিকল্প সরবরাহ পথ খোঁজার চেষ্টা চললেও তা যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।
ভারত সরকার জানিয়েছে, বর্তমানে দেশে রান্নার গ্যাসের কোনো বড় ঘাটতি নেই এবং এলপিজিবাহী জাহাজ পর্যায়ক্রমে বন্দরে পৌঁছাচ্ছে। বাণিজ্যিক চাহিদার প্রায় ৮০ শতাংশ পূরণ করা সম্ভব হচ্ছে এবং পাইপ গ্যাসের সংযোগ বাড়িয়ে বিকল্প জ্বালানির ওপর জোর দেওয়া হচ্ছে। তা সত্ত্বেও আন্তর্জাতিক অস্থিরতা বজায় থাকায় ভবিষ্যতে জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।