এনআইএ অভিযানে কাঁপছে মোথাবাড়ি, গ্রেফতারি আতঙ্কে পুরুষশূন্য পটলডাঙা গ্রাম

মালদহ জেলার মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ঘেরাও এবং তাদের গাড়িতে হামলার ঘটনার তদন্তে নেমে ব্যাপক ধরপাকড় শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) ও পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করে একের পর এক অভিযান চালানো হচ্ছে। রবিবার রাতেও পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। এনআইএ-র এই সক্রিয়তা এবং লাগাতার অভিযানের জেরে মোথাবাড়ির পটলডাঙা গ্রাম বর্তমানে কার্যত পুরুষশূন্য হয়ে পড়েছে।
তদন্তে উঠে এসেছে উস্কানিমূলক কার্যকলাপের একাধিক চাঞ্চল্যকর তথ্য। বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে পেশায় আইনজীবী তথা মিম নেতা মোফাক্কেরুল ইসলামকে। অভিযোগ, তিনি অশান্তির সময় জনসমক্ষে উস্কানিমূলক বক্তব্য রাখছিলেন এবং নেপালে পালানোর চেষ্টা করছিলেন। সিআইডির সহায়তায় তার সহযোগী একরামুল বাগানিকেও পাকড়াও করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে প্রশাসনের বিরুদ্ধে জনমত গঠনের অভিযোগ রয়েছে এই মিম নেতার বিরুদ্ধে।
ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট এই অশান্তিতে আগেই গ্রেফতার হয়েছেন আইএসএফ প্রার্থী মাওলানা শাহজাহান আলি ও আরও ১৭ জন। যদিও শাহজাহান আলি নিজেকে নির্দোষ দাবি করে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। বর্তমানে গোটা মোথাবাড়ি জুড়ে কড়া পুলিশি পাহারা ও তল্লাশি অব্যাহত রয়েছে। আইনি জটিলতা ও গ্রেফতারি এড়াতে এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা বিরাজ করছে।