বিচারাধীন ৫৯ লক্ষ ভোটারের তথ্য নিষ্পত্তি: সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ হাইকোর্টের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় (এসআইআর) থাকা ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে ৫৯.১৫ লক্ষের তথ্য ইতিমধ্যে নিষ্পত্তি করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তকে পাঠানো এক চিঠিতে এই পরিসংখ্যান তুলে ধরেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। বর্তমানে বাকি থাকা স্বল্প সংখ্যক ভোটারের তথ্য যাচাইয়ের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বলে আদালত সূত্রে জানা গেছে।
শীর্ষ আদালতে শুনানির সময় রাজ্য সরকারের আইনজীবী শ্যাম দিওয়ান জানান, বিবেচনাধীন ৪৪ লক্ষ ভোটারের তথ্যের মধ্যে ৫৫ শতাংশের নাম তালিকায় যুক্ত হয়েছে এবং ৪৫ শতাংশের নাম বাদ পড়েছে। ভোটাররা আপিল করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে আদালতে অভিযোগ জানানো হয়েছে। এই প্রেক্ষাপটে ১৫ এপ্রিলের মধ্যে নিষ্পত্তি সম্পন্ন করে ১৮ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আবেদন জানিয়েছে রাজ্য।
বিচারপতি জয়মাল্য বাগচী এবং প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, ভোটারদের উদ্বেগের বিষয়ে আদালত সচেতন এবং আপিল ট্রাইব্যুনালগুলো নথিপত্র গুরুত্ব সহকারে যাচাই করবে। কোনো আবেদনকারীর জমা দেওয়া শংসাপত্র বা নথি অবহেলিত হলে ট্রাইব্যুনাল তা পুনর্মূল্যায়ন করতে পারবে। একইসঙ্গে, নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আবেদন খারিজের সুনির্দিষ্ট কারণগুলো ট্রাইব্যুনাল মারফত স্পষ্ট করা হয়।