আর্জেন্টিনার মাটিতে ভারতের ইতিহাস, মিক্সড মার্শাল আর্টে জয়ের হ্যাটট্রিক সংগ্রাম সিংয়ের

আর্জেন্টিনার মাটিতে ভারতের ইতিহাস, মিক্সড মার্শাল আর্টে জয়ের হ্যাটট্রিক সংগ্রাম সিংয়ের

আর্জেন্টিনার বুয়েনস আইরেসে আয়োজিত মিক্সড মার্শাল আর্ট (MMA) প্রতিযোগিতায় এক নজিরবিহীন ইতিহাস গড়লেন ভারতীয় কুস্তিগির সংগ্রাম সিং। ৫ এপ্রিল আয়োজিত এই লড়াইয়ে ফ্রান্সের শক্তিশালী প্রতিপক্ষ ফ্লোরিয়ান কুডিয়ারকে পরাজিত করে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে আর্জেন্টিনার মাটিতে এমএমএ জয়ের গৌরব অর্জন করেন তিনি। এই অসাধারণ সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে ভারতের পতাকা আরও একবার উজ্জ্বল করলেন এই অভিজ্ঞ ফাইটার।

লড়াইয়ের শুরু থেকেই ৪০ বছর বয়সী সংগ্রাম সিং রণংদেহি মেজাজে ছিলেন। তাঁর চেয়ে ১৬ বছরের ছোট প্রতিপক্ষ কুডিয়ারকে পরাস্ত করতে তিনি সময় নেন মাত্র ১ মিনিট ৪৫ সেকেন্ড। দীর্ঘদিনের কুস্তির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শুরুতেই ‘লেগ অ্যাটাক’-এর মাধ্যমে প্রতিপক্ষকে মাটিতে ফেলে দেন তিনি। এরপর নিখুঁত ‘সাবমিশন হোল্ড’-এর মাধ্যমে ফরাসি ফাইটারকে হার মানাতে বাধ্য করেন এবং দ্রুততম সময়ের মধ্যে জয় নিশ্চিত করেন।

এই জয়ের মাধ্যমে চলতি মরসুমে আন্তর্জাতিক এমএমএ ক্যারিয়ারে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করলেন সংগ্রাম সিং। এর আগে জর্জিয়ার তিবলিসি এবং নেদারল্যান্ডসের আমস্টারডামে অনুষ্ঠিত প্রতিযোগিতাতেও তিনি শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন। বুয়েনস আইরেসের এই সাফল্য কেবল তাঁর ব্যক্তিগত জয় নয়, বরং বিশ্ব মিক্সড মার্শাল আর্টের মানচিত্রে ভারতের ক্রমবর্ধমান শক্তির এক বলিষ্ঠ উদাহরণ হয়ে থাকল। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত দেশের ক্রীড়ামহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *