বিজেপি প্রার্থী জিতলেও তৃণমূলে আসবেন, ইংরেজবাজারে মনোনয়ন জমা দিয়ে বড় দাবি আশিস কুণ্ডুর

মালদহ জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র ইংরেজবাজারে জমে উঠেছে রাজনৈতিক লড়াই। এদিন বর্ণাঢ্য মিছিল করে জেলা শাসকের দপ্তরে নিজের মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আশিস কুণ্ডু। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু। হেভিওয়েট নেতাদের উপস্থিতিতে এই মনোনয়ন পেশকে কেন্দ্র করে তৃণমূল শিবিরের আত্মবিশ্বাস তুঙ্গে।
বর্তমানে বিজেপির দখলে থাকা এই বিধানসভা আসনে এবার জয়ের ব্যাপারে প্রবল আশাবাদী ঘাসফুল শিবির। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আশিস কুণ্ডু সরাসরি পরিবর্তনের ডাক দেন। প্রতিপক্ষ বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করে তিনি দাবি করেন, নির্বাচনে জিতলেও বিজেপি প্রার্থী শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসেই যোগ দেবেন। প্রতিদ্বন্দ্বীকে ‘দলবদলু’ বলেও কটাক্ষ করেন তিনি। এই মন্তব্যকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য।
নির্বাচনী প্রচারে মালদহ শহরের সম্প্রসারণ এবং গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার ওপর বিশেষ জোর দিয়েছেন তৃণমূল প্রার্থী। এলাকার সার্বিক পরিকাঠামো উন্নয়ন ও সাধারণ মানুষের মৌলিক চাহিদাকে মূল হাতিয়ার করে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তিনি। বিজেপির শক্ত ঘাঁটিতে আশিস কুণ্ডুর এই চ্যালেঞ্জ এবং বিতর্কিত মন্তব্য ইংরেজবাজারের ভোটের লড়াইকে এক অন্য মাত্রা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উন্নয়নের বার্তা ও প্রতিপক্ষের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল নিয়ে এবার ময়দানে নেমেছে শাসক দল।