সব জল্পনার অবসান আইনি জটিলতা কাটিয়ে রাজগঞ্জে মনোনয়ন জমা দিলেন স্বপ্না বর্মণ

দীর্ঘ টালবাহানা ও আইনি জটিলতা কাটিয়ে অবশেষে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মণ। সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে পৌঁছে নিজের নথিপত্র জমা দেন তিনি। এদিন রাজগঞ্জের ভ্রামরীদেবীর মন্দিরে পুজো দিয়ে জলপাইগুড়ি বিধানসভার প্রার্থী কৃষ্ণ দাসের সঙ্গে মহকুমা শাসকের কার্যালয়ে আসেন স্বপ্না।
মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বপ্না জানান, অনেক সংগ্রাম ও ত্যাগের পর তিনি এই প্রক্রিয়ায় সফল হয়েছেন। তিনি আরও বলেন, খেলার মাঠে লড়াইয়ের সময় বাবা পাশে ছিলেন, আর রাজনীতির ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজগঞ্জের মানুষ তাঁর শক্তি। প্রাক্তন বিধায়ক খগেশ্বর রায়কে নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক ধোঁয়াশা সরিয়ে এখন পুরোদমে নির্বাচনী প্রচারে নামতে প্রস্তুত এই তরুণ তুর্কি প্রার্থী।
রাজগঞ্জ বিধানসভার প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই স্বপ্না নিয়মিত মানুষের সমস্যার কথা নিজের ডায়েরিতে লিখে রাখছেন। এলাকার মানুষের আশীর্বাদে বিপুল ভোটে জয়ের বিষয়ে তিনি অত্যন্ত আশাবাদী। এদিন সংবাদমাধ্যমের একাংশের প্রতি বিরক্তি প্রকাশ করে তিনি স্পষ্ট করে দেন যে, খেলার মাঠের মতো রাজনীতির ময়দানেও তিনি অক্লান্ত পরিশ্রম দিয়ে জয় ছিনিয়ে আনবেন। এদিকে, শিলিগুড়িতে দলীয় সভায় ব্যস্ত থাকায় খগেশ্বর রায় এদিন উপস্থিত থাকতে পারেননি বলে তৃণমূল সূত্রে জানানো হয়েছে।