ট্রাম্পের ডেডলাইনের মুখে উত্তপ্ত পশ্চিম এশিয়া: মার্কিন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমার ঠিক আগেই আমেরিকার ১৫ দফা শান্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করল ইরান। তেহরানের পক্ষ থেকে এই পরিকল্পনাকে ‘অবাস্তব’ ও ‘অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী’ বলে অভিহিত করা হয়েছে। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই হুঁশিয়ারি দিয়েছেন যে, হুমকির মুখে কোনো আলোচনা সম্ভব নয় এবং আমেরিকার সম্ভাব্য হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হবে।
একদিকে সামরিক উত্তেজনা চললেও অন্যদিকে কূটনীতির পথ খোলা রাখতে চাইছে মধ্যস্থতাকারী দেশগুলো। রয়টার্সের খবর অনুযায়ী, শত্রুতা নিরসনে পাকিস্তান একটি বিশেষ শান্তি রূপরেখা তৈরি করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘ইসলামাবাদ অ্যাকর্ড’। এই প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার কথা বলা হয়েছে। এই পরিকল্পনার খসড়াটি বর্তমানে উভয় দেশের মধ্যে বিনিময়ের পর্যায়ে রয়েছে।
বর্তমানে ইরান নিজেদের পাল্টা খসড়া তৈরি রাখলেও আক্রমণের মুখে দেশকে রক্ষা করাই তাদের প্রধান লক্ষ্য। পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি চুক্তির চেষ্টা চললেও আমেরিকা বা ইরানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক সম্মতি মেলেনি। ট্রাম্পের চূড়ান্ত ঘোষণার আগে পশ্চিম এশিয়ার এই অস্থির পরিস্থিতি নতুন কোনো সংঘাতের দিকে মোড় নেয় কি না, এখন সেটাই দেখার বিষয়।