বুনো হাতির ডেরা ও বৃষ্টির কবলে ৪ দিন, কর্নাটকের জঙ্গল থেকে জীবিত উদ্ধার কেরলের তরুণী

কর্নাটকের ঘন জঙ্গলে সোলো ট্রিপে গিয়ে নিখোঁজ হওয়া কেরলের ৩৬ বছর বয়সি তথ্যপ্রযুক্তি কর্মী জিএস শরণ্যাকে দীর্ঘ ৪ দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার কর্নাটকের কাক্কাবে গ্রাম সংলগ্ন তাদিয়ান্দামল পাহাড়ে ট্রেকিং করতে গিয়ে তিনি নিখোঁজ হন। জঙ্গলটি বুনো হাতিতে ভরা থাকায় এবং ওই তরুণীর মোবাইল বন্ধ হয়ে যাওয়ায় তাঁর নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছিল। এই ঘটনায় কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কর্নাটকের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে চিঠিও লিখেছিলেন।
বন দপ্তরের অনুমতি না মেলায় একটি দলের সঙ্গে পাহাড়ে চড়তে শুরু করলেও মাঝপথে বিচ্ছিন্ন হয়ে পড়েন শরণ্যা। সঙ্গে ছিল শুধুমাত্র এক বোতল জল। তিনি জানান, পথ হারানোর পর উদ্ধারকারীদের নজরে আসার জন্য তিনি পাহাড়ের সবচেয়ে উঁচু স্থানে ওঠার চেষ্টা করেন। দ্বিতীয় দিনে তিনি চূড়ায় পৌঁছাতে সক্ষম হলেও তৃতীয় দিনে প্রবল বৃষ্টি ও ঠান্ডার কারণে আটকে পড়েন। প্রতিকূল আবহাওয়া ও বন্যপ্রাণের ভয় উপেক্ষা করে গত রবিবার বিকেলে একটি ঝর্ণার ধারের পাথুরে এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
নকশাল-বিরোধী দল, স্থানীয় বন বিভাগ এবং আদিবাসী সম্প্রদায়সহ মোট ৯টি দল গত কয়েকদিন ধরে ওই দুর্গম এলাকায় চিরুনি তল্লাশি চালিয়েছে। উদ্ধার হওয়ার পর শরণ্যা জানান, বাড়ি ফেরার অদম্য সাহসই তাঁকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং প্রশাসনের তৎপরতায় নিজের বাড়িতে ফিরে যেতে পেরেছেন। জনমানবহীন জঙ্গলে ৪ দিন কাটানোর পর এই সফল উদ্ধার অভিযানকে বড় জয় হিসেবে দেখছে স্থানীয় প্রশাসন।