বালিগঞ্জে বামেদের বাজি ‘সর্বহারা’ আফরিন, হলফনামায় স্থাবর সম্পত্তি শূন্য

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ কেন্দ্রে সিপিআইএম প্রার্থী আফরিন বেগমকে নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ২৯ বছর বয়সি এই তরুণী প্রার্থী সোমবার তাঁর মনোনয়ন পত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, ‘সর্বহারা’ দলের এই প্রার্থীর নিজের নামে কোনো স্থাবর সম্পত্তি নেই। অর্থাৎ চাষযোগ্য জমি, ঘরবাড়ি বা বাণিজ্যিক ইমারত— স্থাবর সম্পত্তির প্রতিটি কলামেই ‘শূন্য’ উল্লেখ করেছেন তিনি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং বেণীপুকুরের বাসিন্দা আফরিনের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ৭৬ হাজার ৭৭৭ টাকা ৮২ পয়সা। হলফনামা অনুযায়ী, বর্তমানে তাঁর হাতে নগদ রয়েছে মাত্র ৫০০ টাকা। তবে সঞ্চয়ের ক্ষেত্রে আফরিনের আগ্রহ লক্ষ্য করা গিয়েছে; স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখাসহ তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁর মোট ১ লক্ষ ৪৬ হাজার ৭৮৫ টাকা জমা আছে। এছাড়া আরইসিএল ও ভারত ইলেকট্রনিক্সের মতো কিছু সংস্থার শেয়ার বাজারেও তাঁর প্রায় সাড়ে ২১ হাজার টাকার বিনিয়োগ রয়েছে।
আর্থিক নিরাপত্তার খাতিরে আফরিনের ১ লক্ষ টাকার একটি জীবন বিমা থাকলেও তাঁর কোনো গাড়ি বা সোনাদানা নেই। এমনকি আয়কর রিটার্ন জমা দেওয়ার মতো নূন্যতম বার্ষিক আয়ও তাঁর নেই বলে হলফনামায় জানানো হয়েছে। স্বচ্ছ ভাবমূর্তির এই প্রার্থীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই এবং তিনি কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণও গ্রহণ করেননি। মহম্মদ সেলিম ও শমীক লাহিড়ীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আফরিনকে ঘিরেই এবার বালিগঞ্জে জয়ের স্বপ্ন দেখছে আলিমুদ্দিন স্ট্রিট।
কলকাতার অভিজাত এই বালিগঞ্জ কেন্দ্রে এবার হাইভোল্টেজ ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং অন্যদিকে বিজেপির শতরূপা। এই দুই অভিজ্ঞ ও শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর মাঝে শূন্য সম্পত্তির মালিক আফরিন বেগম সাধারণ মানুষের নজর কাড়তে কতটা সফল হন, এখন সেটাই দেখার বিষয়। ২০২৬-এর এই লড়াইয়ে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রটি রাজ্যের অন্যতম প্রধান রাজনৈতিক রণক্ষেত্রে পরিণত হতে চলেছে।