আইপিএলকে টপকে পিএসএল হবে বিশ্বের সেরা ক্রিকেট লিগ মহসিন নাভির হুঙ্কার

আইপিএলকে টপকে পিএসএল হবে বিশ্বের সেরা ক্রিকেট লিগ মহসিন নাভির হুঙ্কার

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি দাবি করেছেন যে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খুব শীঘ্রই বিশ্বের এক নম্বর ক্রিকেট লিগে পরিণত হবে। বর্তমানে ভারতের আইপিএল শ্রেষ্ঠত্বের আসনে থাকলেও নকভি মনে করেন, পিএসএল যে গতিতে এগোচ্ছে তাতে শীর্ষস্থানে পৌঁছানো এখন সময়ের অপেক্ষা মাত্র। পিসিবি বোর্ড অফ গভর্নরসের এক বৈঠকে তিনি এই উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যের কথা জানান।

নকভির মতে, পিএসএল বর্তমানে বিনিয়োগের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ফ্র্যাঞ্চাইজি নিলামের সময় বিনিয়োগকারীদের ব্যাপক উৎসাহ পাকিস্তান ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতেরই ইঙ্গিত দেয়। তিনি বিশ্বাস করেন, আন্তর্জাতিক ক্রিকেটের বাজারে পিএসএল-এর গ্রহণযোগ্যতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এটি খুব শীঘ্রই জনপ্রিয়তার নিরিখে সব লিগকে ছাড়িয়ে যাবে।

তবে পিসিবি প্রধানের এই দাবি ঘিরে ক্রিকেট বিশ্বে নানা বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে আইপিএল এবং পিএসএল-এর আর্থিক কাঠামোর বিশাল ব্যবধান নকভির দাবিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তথ্য অনুযায়ী, আইপিএল-এর মিডিয়া স্বত্বের মূল্য ৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যেখানে পিএসএল-এর মিডিয়া স্বত্ব বিক্রি হয়েছে মাত্র ৯৩ মিলিয়ন ডলারে। রাজস্ব আয়ের ক্ষেত্রেও দুই লিগের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।

শুধুমাত্র আর্থিক দিক নয়, পিএসএল ২০২৬-এর অব্যবস্থাপনা নিয়েও চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। স্টেডিয়ামের দুর্বল ড্রেনেজ সিস্টেমের কারণে বৃষ্টির পর দীর্ঘ সময় পার হলেও ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। এছাড়া সংবাদ সম্মেলনে ক্যামেরার নিম্নমানের কোয়ালিটি এবং নিরাপত্তা লঙ্ঘনের মতো ঘটনাগুলি টুর্নামেন্টের পেশাদারিত্বকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।

মাঠের ক্রিকেটেও বিতর্কের শেষ নেই। উদ্বোধনী ম্যাচে ক্রিকেটারদের জার্সির রং উঠে সাদা বল গোলাপি হয়ে যাওয়ার মতো নজিরবিহীন ঘটনা ঘটেছে। এছাড়াও ফখর জামানের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ এবং তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা লিগের ভাবমূর্তিকে আরও কালিমালিপ্ত করেছে। মাঠের বাইরের এই বিশৃঙ্খলা এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা সত্ত্বেও নকভির এমন দাবি অনেককেই বিস্মিত করেছে।

সমালোচকদের মতে, পরিকাঠামোগত উন্নয়ন এবং ব্যবস্থাপনার ত্রুটি দূর না করে আইপিএল-এর মতো মহীরুহকে টেক্কা দেওয়ার স্বপ্ন কার্যত আসাম্ভব। নকভির এই হুঙ্কারকে কেবলই ফাঁকা আওয়াজ নাকি আগামীর পরিকল্পনা, তা সময়ই বলবে। আপাতত এই দুই লিগের তুলনামূলক লড়াই ক্রিকেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *