রাহুলের মৃত্যুতে প্রযোজনা সংস্থার স্তুতি, তীব্র বিতর্কের মুখে পোস্ট মুছলেন অভিনেতা ভিভান

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর পর যখন কাঠগড়ায় ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স, তখন সেই সংস্থার প্রশংসা করে চরম বিতর্কে জড়ালেন অভিনেতা ভিভান ঘোষ। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, লীনা গঙ্গোপাধ্যায়ের এই সংস্থা শিল্পীদের সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা প্রদান করে। সাবিত্রী চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায়ের মতো কিংবদন্তি শিল্পীদের উদাহরণ টেনে তিনি সংস্থার কর্মপরিবেশের স্তুতি করেন।
তবে রাহুলের মৃত্যুর তদন্ত ও প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার আবহে ভিভানের এই মন্তব্যকে ‘অসংবেদনশীল’ বলে তোপ দেগেছেন সহ-শিল্পীরা। অভিনেত্রী অনিন্দিতা সরকার থেকে শুরু করে পরিচালক পারমিতা মুন্সী—সকলেই ভিভানের এই ‘পিঠ বাঁচানো’র মানসিকতাকে কড়া ভাষায় সমালোচনা করেছেন। অভিযোগ উঠেছে, অতীতের ব্যক্তিগত সংকটে কাজ দিয়ে পাশে দাঁড়ানোয় অভিনেতা এখন কৃতজ্ঞতাবশত অন্ধ স্তুতি করছেন।
ইন্ডাস্ট্রির অন্দরে তীব্র বিক্ষোভ এবং নেটনাগরিকদের কটাক্ষের মুখে পড়ে শেষমেশ পিছু হঠতে বাধ্য হন ভিভান। পোস্ট করার ঘণ্টাখানেকের মধ্যেই তা সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নেন তিনি। রাহুল খুনের বিচার ও শুটিং সেটে নিরাপত্তার দাবিতে যখন শিল্পী মহলে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, তখন ভিভানের এই পদক্ষেপ টলিউডের অন্দরে বিতর্কের আগুন আরও উসকে দিয়েছে।