টলিউডের দুর্দশা নিয়ে ক্ষোভ, সিনেমা নির্মাণ থেকে অবসরের ইঙ্গিত অপর্ণা সেনের

বাংলা চলচ্চিত্র জগতের বর্তমান সংকট ও দর্শকদের রুচি বদল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রবীণ অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি টলিউডের বর্তমান পরিস্থিতিকে ‘কঠিন সময়’ হিসেবে অভিহিত করেন। দীর্ঘ ছয় দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের পর ইন্ডাস্ট্রির এই নিম্নমুখী প্রবণতা নিয়ে তিনি নিজের অভিমান ও আশঙ্কার কথা খোলাখুলি জানিয়েছেন।
অপর্ণা সেনের মতে, মেগা সিরিয়ালের ভিড়ে দর্শকরা নিজস্ব রুচি হারিয়ে ফেলছেন এবং টেলিভিশনের প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ছেন। তিনি প্রশ্ন তোলেন, প্রকৃত দর্শক না থাকলে তিনি কার জন্য সিনেমা বানাবেন? এই উৎসাহহীনতা থেকেই তিনি আর নতুন কোনো চলচ্চিত্র নির্মাণে আগ্রহী নন বলে সাফ জানিয়ে দিয়েছেন, যা কার্যত তাঁর অবসরেরই ইঙ্গিত দিচ্ছে।
জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই নির্মাতার আক্ষেপ, বাংলা সিনেমা এখন একটি মৃতপ্রায় শিল্পের মতো টিকে আছে। বক্স অফিসের দৈন্যদশা এবং কন্টেন্টের মান নিয়ে সমালোচনার মাঝে অপর্ণা সেনের এই সিদ্ধান্ত টলিউডের জন্য এক বড় ধাক্কা। তাঁর মতে, এভাবেই চলতে থাকলে বাংলা সিনেমার ভবিষ্যৎ অন্ধকার এবং এর অস্তিত্ব টিকিয়ে রাখা আসাম্ভব হয়ে পড়বে।