আরসিবির কাছে পর্যুদস্ত চেন্নাই হারের হ্যাটট্রিকে লিগ টেবিলের তলানিতে ধোনিহীন সিএসকে

আইপিএলে হারের হ্যাটট্রিক করে চরম বিপর্যয়ের মুখে চেন্নাই সুপার কিংস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৪৩ রানে হেরে লিগ টেবিলের দশম স্থানে নেমে গেছে তারা। এই ম্যাচে আইপিএল ইতিহাসে দীর্ঘ ৬৫৬১ দিন পর প্রথমবার ২৫০ রান হজম করার লজ্জার নজির গড়ল সিএসকে। এর আগে ২০১৪ সালে পাঞ্জাবের করা ২৩১ রানই ছিল তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সংগ্রহ, যা এবার টপকে গেল আরসিবি।
দলে তারুণ্যের আধিক্য থাকলেও মাঠের পারফরম্যান্সে তার প্রতিফলন মিলছে না। মিনি নিলামে ১৪ কোটি ২০ লাখ টাকা দিয়ে কেনা প্রশান্ত বীর ও কার্তিক শর্মা প্রত্যাশা পূরণে ব্যর্থ। অভিজ্ঞ ক্রিকেটার সঞ্জু স্যামসন, অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় কিংবা শিবম দুবে—প্রত্যেকেই রান পেতে হিমশিম খাচ্ছেন। ২০২৩ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে শেষ ৩১ ম্যাচের মধ্যে ২০টিতেই পরাজিত হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
মাঠে যোগ্য নেতৃত্বের অভাবে চেন্নাই এখন কার্যত লক্ষ্যভ্রষ্ট। আরসিবির দেওয়া ২৫০ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে ২০৭ রানেই থমকে যায় তাদের ইনিংস। যদিও আইপিএলে রেকর্ড ৩৭ বার ২০০-র বেশি রান করার নজির গড়েছে তারা, কিন্তু বর্তমান ছন্নছাড়া অবস্থা কাটাতে সমর্থকরা এখন চোটগ্রস্ত মহেন্দ্র সিং ধোনির ফেরার অপেক্ষায় দিন গুনছেন। সিএসকে শিবিরে নেতার অভাব এখন প্রকট।