ইন্টারভিউয়ের নামে ডেকে নিয়ে তরুণীকে পুড়িয়ে মারার অভিযোগ ময়দানে

কলকাতার ময়দান এলাকায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক তরুণীকে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার নৃশংস অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। গত ৩ এপ্রিল বিকেলে ইডেন গার্ডেন্সের উল্টোদিকে গঙ্গাসাগর গ্রাউন্ডে এই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ ছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর আগে দেওয়া জবানবন্দির ভিত্তিতে অভিযুক্ত সিদ্ধান্ত চাড়িওয়ালকে বেলেঘাটা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে খাস কলকাতায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃতার পরিবারের অভিযোগ, অভিযুক্ত যুবক ওই তরুণীকে চাকরির ইন্টারভিউ দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়েছিল। তরুণীর মা জানান, মেয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে দীর্ঘক্ষণ দুশ্চিন্তায় ছিলেন তিনি। পরে পুলিশের তরফ থেকে তাকে জানানো হয় যে, বাবুঘাটের কাছে তার মেয়েকে পুড়িয়ে দেওয়া হয়েছে। পরিবারের দাবি, অভিযুক্ত দীর্ঘদিন ধরে তরুণীকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, কিন্তু সেই প্রস্তাবে রাজি না হওয়ার কারণেই এই চরম পথ বেছে নেয় সে।
ঘটনায় ধৃত সিদ্ধান্ত চাড়িওয়ালকে শনিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে তার জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। বর্তমানে তদন্তের খাতিরে তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী আদালতকে জানিয়েছেন, প্রাথমিকভাবে ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ ধারায় মামলা রুজু করা হলেও, ময়নাতদন্তের রিপোর্ট ও ডেথ সার্টিফিকেট হাতে আসার পর খুনের ধারা যুক্ত করা হবে। এই বীভৎস হত্যাকাণ্ড শহরের নিরাপত্তা নিয়ে পুনরায় প্রশ্ন তুলে দিয়েছে।