সিএসকের বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে আইপিএলে অনন্য মাইলফলক স্পর্শ করলেন ভুবনেশ্বর কুমার

সিএসকের বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে আইপিএলে অনন্য মাইলফলক স্পর্শ করলেন ভুবনেশ্বর কুমার

চোট, ছন্দপতন কিংবা জাতীয় দল থেকে বাদ পড়া— কেরিয়ারের নানা চড়াই-উতরাই পেরিয়ে নিজেকে আরও একবার প্রমাণ করলেন অভিজ্ঞ ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠে নেমে গড়ে ফেললেন এক নতুন ইতিহাস। রবিবারের ম্যাচে তিনটি উইকেট দখলের পাশাপাশি আইপিএল কেরিয়ারে ২০০ উইকেটের ম্যাজিক ফিগার স্পর্শ করলেন এই তারকা বোলার।

চেন্নাইয়ের বিরুদ্ধে স্পেল শুরু করার পর ১.২ ওভারে আয়ুষ মাত্রেকে প্যাভিলিয়নে ফিরিয়েই এই নজির গড়েন ভুবনেশ্বর। আইপিএল ইতিহাসে পেসার হিসেবে ২০০ উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব এখন তাঁর দখলে। বর্তমানে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। এই তালিকার শীর্ষে রয়েছেন স্পিনার যুজবেন্দ্র চাহাল, যাঁর নামের পাশে রয়েছে ২২৪টি উইকেট। ভুবনেশ্বরের এই সাফল্য কেবল তাঁর ব্যক্তিগত রেকর্ড নয়, বরং আরসিবির বোলিং বিভাগকেও বড় স্বস্তি দিয়েছে।

২০১১ সালে পুনে ওয়ারিয়র্সের হয়ে আইপিএল যাত্রা শুরু করেছিলেন ভুবনেশ্বর। এরপর দীর্ঘ সময় সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে কাটিয়েছেন তাঁর কেরিয়ারের সোনালী অধ্যায়। হায়দরাবাদের জার্সিতে ১৪৫ ম্যাচে ১৫৭টি উইকেট নেওয়ার পাশাপাশি পরপর দু’বছর ‘পার্পেল ক্যাপ’ জয়ের গৌরব অর্জন করেন তিনি। গত দুই বছর আগে হায়দরাবাদ তাঁকে ছেড়ে দিলে তিনি বেঙ্গালুরু শিবিরে যোগ দেন এবং গত মরশুমেও ১৭টি উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছিলেন।

গতির চেয়েও বোলিংয়ের বৈচিত্র্য ও নিখুঁত লাইন-লেংথের ওপর ভরসা করেই নিজেকে সেরাদের তালিকায় নিয়ে গেছেন ভুবি। বর্তমানে আরসিবির এই অভিজ্ঞ বোলার ডট বল এবং উইকেট নেওয়ার ক্ষমতায় আজও অপরিহার্য। আইপিএলের ইতিহাসে ২০০ উইকেটের ক্লাব যে অত্যন্ত সীমিত, সেখানে নিজের নাম খোদাই করে ভুবনেশ্বর কুমার প্রমাণ করলেন যে অভিজ্ঞতার বিকল্প নেই। ভুবির এই রেকর্ড গড়ার পর ক্রিকেট মহলে এখন প্রশংসার জোয়ার বইছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *