ক্ষিতিদার মেয়েকে নিয়ে পূর্বস্থলী উত্তরে তৃণমূলের মাস্টারস্ট্রোক, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মমতা

পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল করে জয়ের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। বিদায়ী বিধায়ককে সরিয়ে এবার বসুন্ধরা গোস্বামীকে প্রার্থী করেছে শাসক দল। সোমবার সমুদ্রগড়ের জনসভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বসুন্ধরার হয়ে জোরদার প্রচার করেন। তিনি স্পষ্ট জানান, বসুন্ধরা সাধারণ মানুষের জন্য নিরলস কাজ করেন এবং তাঁর প্রার্থী হওয়ার যোগ্যতাই আলাদা। নেত্রী এই সভা থেকে বিক্ষুব্ধদের কড়া বার্তা দিয়ে বুঝিয়ে দেন, টিকিট না পেয়ে দলের বিরোধিতা করা অনুচিত।
বসুন্ধরা গোস্বামী, প্রাক্তন মন্ত্রী প্রয়াত ক্ষিতি গোস্বামীর কন্যা। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তাঁর প্রচার কৌশলের প্রশংসা করে জানান, স্কুটি চালিয়ে গ্রামে গ্রামে ঘুরে মানুষের পাশে দাঁড়াচ্ছেন বসুন্ধরা। প্রার্থী নিজেও উন্নয়নের ধারা বজায় রাখতে মানুষের সমর্থন চেয়েছেন। যদিও টিকিট না পেয়ে স্থানীয় এক নেতার বিদ্রোহী আচরণ নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে, তবে তৃণমূল নেতৃত্ব স্পষ্ট করেছে যে নেত্রীর কাজের ওপর ভিত্তি করেই মানুষ ভোট দেবেন।
পূর্বস্থলী উত্তরের পাশাপাশি দক্ষিণ বিধানসভা কেন্দ্রেও ব্যাপক জয়ের আশা করছে তৃণমূল। সাংসদ শর্মিলা সরকার লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ও স্বাস্থ্যসাথীর মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলোর সাফল্যের কথা উল্লেখ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, বিজেপি ১০০ দিনের কাজের টাকা আটকে সাধারণ মানুষকে বঞ্চিত করেছে, যার জবাব মানুষ ইভিএমের মাধ্যমে দেবেন। এদিনের সভায় মহিলাদের উপচে পড়া ভিড় দেখে শাসক শিবিরের জয়ের আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে গিয়েছে।