আসানসোল শিল্পাঞ্চলে শ্রমিক নেতাদের ওপরই ভরসা বামেদের, প্রচারে জোর অখিলেশের

আসানসোল শিল্পাঞ্চলের ৯টি বিধানসভা আসনের মধ্যে ৬টিতেই শ্রমিক নেতাদের প্রার্থী করেছে বামফ্রন্ট। আসানসোল উত্তর কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী তথা পোড় খাওয়া শ্রমিক নেতা অখিলেশ কুমার সিং রবিবার গোপালপুর এলাকায় নিবিড় জনসংযোগ সারেন। খনি অঞ্চলের পরিচিত মুখ অখিলেশবাবু প্রচার চলাকালীন ইসিএলের অবসরপ্রাপ্ত কর্মী ও আধিকারিকদের কাছ থেকে ব্যাপক সাড়া ও শুভেচ্ছা পাচ্ছেন।
শিল্পাঞ্চলে বিগত কয়েক বছরে চিত্তরঞ্জন লেবার ইউনিয়নের সাফল্য এবং ইসিএল ও সেইলের বিভিন্ন ধর্মঘটে শ্রমিকদের সক্রিয় অংশগ্রহণকে হাতিয়ার করেই নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে বামেরা। দুর্গাপুর পূর্ব ও পশ্চিমে যথাক্রমে সীমান্ত চট্টোপাধ্যায় ও প্রভাস সাঁইয়ের মতো অভিজ্ঞ শ্রমিক নেতাদের লড়াইয়ে নামানো হয়েছে। রানিগঞ্জে নারান বাউরি এবং কুলটিতে ফরওয়ার্ড ব্লকের ভবানী আচার্যও দীর্ঘদিনের শ্রমিক আন্দোলনের পরিচিত মুখ।
কর্মসংস্থান ও নতুন শিল্প গড়ার প্রতিশ্রুতি দিয়ে মধ্যবিত্ত মানুষের কাছে পৌঁছাতে চাইছে সিপিএম নেতৃত্ব। জেলা সম্পাদক মণ্ডলীর মতে, সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রেখেই এই প্রার্থী তালিকা তৈরি। তবে তৃণমূল ও বিজেপি এই লড়াইকে গুরুত্ব দিতে নারাজ। তৃণমূলের দাবি শিল্পাঞ্চলে বামেদের কোনো অস্তিত্ব নেই, অন্যদিকে বিজেপির মতে বামেরা আদতে শাসক দলকে সাহায্য করতেই ময়দানে নেমেছে।