সাইকেলে চড়ে এভারেস্ট বেস ক্যাম্পে উত্তরপ্রদেশের দিব্যা সিং, গড়লেন অনন্য ইতিহাস

সাইকেলে চড়ে এভারেস্ট বেস ক্যাম্পে উত্তরপ্রদেশের দিব্যা সিং, গড়লেন অনন্য ইতিহাস

এভারেস্ট জয় অনেকেরই স্বপ্ন, তবে মাউন্ট এভারেস্টের দুর্গম বেস ক্যাম্পে সাইকেল চালিয়ে পৌঁছে এক অভাবনীয় নজির গড়লেন ২৮ বছর বয়সী দিব্যা সিং। উত্তরপ্রদেশের গোরক্ষপুরের এই তরুণী পেশায় একজন শিক্ষিকা। ভারতের প্রথম নারী হিসেবে ১৭ হাজার ৫৬০ ফুট উচ্চতায় সাইকেল চালিয়ে পৌঁছানোর এই বিরল কৃতিত্ব অর্জন করেছেন তিনি। প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে দীর্ঘ ১৪ দিনের চেষ্টায় দিব্যা এই সাফল্য স্পর্শ করেন।

দীর্ঘদিন ধরে নিজেকে তৈরি করার পর দিব্যা এই কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেন। ১৭ হাজার ৫৬০ ফুট উচ্চতায় পৌঁছানো কোনো সাধারণ কাজ ছিল না। দুর্গম পাহাড়ি পথ, এবড়োখেবড়ো পাথর আর হিমাঙ্কের নিচে তাপমাত্রার মতো নানা প্রতিকূলতাকে জয় করতে হয়েছে তাকে। গন্তব্যে পৌঁছানোর প্রতিটি ধাপ ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও শারীরিক সক্ষমতার চূড়ান্ত পরীক্ষা। তবুও অদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি তার লক্ষ্যে অবিচল ছিলেন।

যাত্রাপথের পরিবেশ ছিল চরম প্রতিকূল। অনেক স্থানে তাপমাত্রা ছিল মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াস। হিমশীতল ঝড়ো হাওয়ার দাপট অগ্রযাত্রাকে বারবার ব্যাহত করছিল। সাইকেল চালিয়ে যাওয়া যেখানে আসাম্ভব হয়ে পড়ছিল, সেখানে তিনি হাল ছাড়েননি। পিচ্ছিল ও সংকীর্ণ পাহাড়ি রাস্তায় দিব্যা কখনো সাইকেল চালিয়েছেন, আবার কখনো নিজের কাঁধে সাইকেল তুলে নিয়ে মাইলের পর মাইল হেঁটে অগ্রসর হয়েছেন।

টানা ১৪ দিনের এই যাত্রায় দিব্যা প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ ঘণ্টা সময় কাটিয়েছেন সাইকেলের প্যাডেলে। প্রবল শারীরিক ক্লান্তি ও অক্সিজেনের স্বল্পতা সত্ত্বেও তিনি এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছাতে সক্ষম হন। যে পাহাড়ি পথে সাধারণ মানুষের পক্ষে হেঁটে চলাই কষ্টসাধ্য, সেখানে সাইকেল নিয়ে দিব্যার এই জয় সারা দেশের জন্য এক গর্বের মুহূর্ত তৈরি করেছে।

পেশাগত জীবনের ব্যস্ততার মাঝেও দিব্যার এই অসাধারণ সাফল্য নারী শক্তির এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। গোরক্ষপুরের এই শিক্ষিকা প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম ও একাগ্রতা থাকলে যেকোনো পর্বতপ্রমাণ বাধা অতিক্রম করা সম্ভব। বর্তমানে দিব্যার এই বিরল কীর্তি সোশ্যাল মিডিয়া ও জনমানসে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। তার এই যাত্রা আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *