মে মাসেই মাধ্যমিকের রেজাল্ট? জেনে নিন ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ও পদ্ধতি

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে বড়সড় আপডেট দিল মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছরের ২ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই পরীক্ষার ফল সম্ভবত মে মাসেই প্রকাশিত হতে চলেছে। নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই ফলাফল ঘোষণা করার কথা। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই মাধ্যমিকের রেজাল্ট আউট করা হবে।
এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯,৭১,৩৪০ জন, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এর মধ্যে ৫,৩৩,২ জন ছাত্রী এবং ৪,২৬,৭৩৩ জন ছাত্র পরীক্ষা দিয়েছেন। ২৬৮২টি কেন্দ্রে কঠোর নজরদারির মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে এই বিশাল পরীক্ষা প্রক্রিয়া। বর্তমানে প্রায় ৫২,০০০ পরীক্ষক এবং ১৩৭৬ জন প্রধান পরীক্ষক দ্রুততার সঙ্গে খাতা দেখার কাজ শেষ করছেন। পর্ষদ সূত্রে খবর, ভোটের দামামা শান্ত হলেই ফলাফল প্রকাশের চূড়ান্ত দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।
পরীক্ষার্থীরা অনলাইনে wbbse.wb.gov.in এবং wbresults.nic.in ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ দিলেই রেজাল্ট দেখা যাবে। এ ছাড়া iresults.net/wbbse মোবাইল অ্যাপের মাধ্যমেও ফলাফল জানার সুবিধা থাকছে। অন্যদিকে, আগামী ২০২৭ সাল থেকে মাধ্যমিকের সিলেবাসে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে সিলেবাস কমিটি। বাংলা, বিজ্ঞান ও কর্মশিক্ষার পাশাপাশি পাঠ্যসূচিতে মহাভারত অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।