২০২৬ বিধানসভা ভোটে কংগ্রেসের মাস্টারস্ট্রোক, বাংলা জয়ের লক্ষ্যে রাহুল-প্রিয়াঙ্কা সহ ৪০ তারকা প্রচারকের তালিকা প্রকাশ

২০২৬ বিধানসভা ভোটে কংগ্রেসের মাস্টারস্ট্রোক, বাংলা জয়ের লক্ষ্যে রাহুল-প্রিয়াঙ্কা সহ ৪০ তারকা প্রচারকের তালিকা প্রকাশ

আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে কোমর বেঁধে নামছে কংগ্রেস। প্রথম দফার নির্বাচনের জন্য সোমবার ৪০ জন হেভিওয়েট তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে সর্বভারতীয় কংগ্রেস কমিটি। একক শক্তিতে লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়ার পর এবার হারানো জমি পুনরুদ্ধারে সর্বশক্তি দিয়ে ময়দানে নামার বার্তা দিয়েছে হাত শিবির। এই তালিকায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে গান্ধী পরিবারের তিন মহীরুহ— সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, গত লোকসভা নির্বাচনে মল্লিকার্জুন খাড়গে বা রাহুল গান্ধীকে বাংলার প্রচারের ময়দানে দেখা না গেলেও, বিধানসভা ভোটে তাঁদের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এমনকি শারীরিক অসুস্থতা সত্ত্বেও সোনিয়া গান্ধীর নাম এই তালিকায় রাখা হয়েছে, যা বুঝিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনকে দিল্লি কতটা গুরুত্ব দিচ্ছে। তারকা প্রচারকদের এই দীর্ঘ তালিকায় হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এবং জাতীয় স্তরের প্রভাবশালী নেতা কেসি বেণুগোপাল, অশোক গেহলট, রণদীপ সিং সুরজেওয়ালা ও শশী থারুরের মতো নামও রয়েছে।

তালিকায় চমক হিসেবে রয়েছেন জনপ্রিয় বক্তা কানহাইয়া কুমার এবং প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবিদ মহম্মদ আজহারউদ্দিন। এআইসিসি-র পক্ষ থেকে গৌরব গগৈ, সালমান খুরশিদ এবং সুদীপ রায় বর্মনকেও বাংলার প্রচারে নামানো হচ্ছে। জাতীয় নেতাদের পাশাপাশি বাংলার ভূমিপুত্রদের ওপরও ভরসা রেখেছে হাইকমান্ড। তালিকায় রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য, অধীররঞ্জন চৌধুরী, দীপা দাশমুন্সি এবং মালদহ দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরী।

তৃণমূল কংগ্রেস এবং বিজেপির হাই-ভোল্টেজ প্রচারের সঙ্গে পাল্লা দিতেই কংগ্রেস এই তারকাখচিত তালিকা তৈরি করেছে বলে মনে করা হচ্ছে। লোকসভা ভোটে প্রচারের খামতি মেটাতে এবার শুরু থেকেই আগ্রাসী মেজাজে থাকতে চাইছে বিধান ভবন। হেভিওয়েট নেতাদের মাঠে নামিয়ে রাজ্যে নিজেদের অস্তিত্ব রক্ষা এবং নির্বাচনি লড়াইকে ত্রিমুখী রূপ দেওয়াই এখন কংগ্রেসের প্রধান লক্ষ্য। সব মিলিয়ে, প্রথম দফার ভোটের আগেই এই প্রচার তালিকা ঘিরে সরগরম হয়ে উঠেছে বাংলার রাজনৈতিক আঙিনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *