মহাভারত ও আধ্যাত্মিকতার অনন্য মেলবন্ধন, কেন অঘঞ্জর মহাদেব মন্দিরেই বিয়ে করলেন আইআইটি বাবা

মহাভারত ও আধ্যাত্মিকতার অনন্য মেলবন্ধন, কেন অঘঞ্জর মহাদেব মন্দিরেই বিয়ে করলেন আইআইটি বাবা

দেবভূমি হিমাচলের ধর্মশালায় অবস্থিত ঐতিহাসিক অঘঞ্জর মহাদেব মন্দিরে চার হাত এক হলো প্রয়াগরাজ মহাকুম্ভের আলোচিত ‘আইআইটি বাবা’ অভয় সিং ও পেশায় ইঞ্জিনিয়ার প্রতীকার। আইআইটি বোম্বে থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পাশ করা অভয় সিং আধ্যাত্মিক জগতের টানে সংসার ত্যাগ করলেও, এবার বিশেষ বিবাহ আইনের অধীনে নতুন জীবন শুরু করলেন। তবে এই বিয়ের জন্য অঘঞ্জর মহাদেব মন্দিরকে বেছে নেওয়ার নেপথ্যে রয়েছে মহাভারত আমলের এক রহস্যময় ইতিহাস।

পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে এই স্থানেই শিবের কঠোর তপস্যা করেছিলেন পাণ্ডবপুত্র অর্জুন। সন্তুষ্ট হয়ে মহাদেব এখানেই অর্জুনকে সেই অপরাজেয় ‘পাশুপত অস্ত্র’ প্রদান করেছিলেন, যা কুরুক্ষেত্রের যুদ্ধে জয় নিশ্চিত করেছিল। এমনকি প্রচলিত আছে যে, কৈলাসে যাওয়ার পথে মহাদেব স্বয়ং এই পথটি ব্যবহার করতেন। এই পবিত্র স্থানের দিব্য শক্তিতে মুগ্ধ হয়েই আইআইটি বাবা এখানে নিজের আশ্রম গড়ার পরিকল্পনা করেছেন।

মন্দিরের অন্যতম প্রধান আকর্ষণ হলো বাবা গঙ্গা ভারতী প্রতিষ্ঠিত একটি ‘অখণ্ড ধুনী’ বা অগ্নিশিখা, যা গত ৫০০ বছর ধরে অবিরাম জ্বলছে। আশ্চর্যের বিষয় হলো, এই দীর্ঘ সময়ে শিখাটি কখনও নিভে যেতে দেখা যায়নি। ধর্মশালা মহকুমা শাসকের আদালতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নবদম্পতি এই পবিত্র স্থানে আশীর্বাদ গ্রহণ করেন। পারিবারিক দায়িত্ব পালনের পাশাপাশি মানব কল্যাণে নিজের আধ্যাত্মিক সফর অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন অভয় সিং।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *